বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়ে বড় ধরণের শঙ্কার কথা শোনালেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। টুর্নামেন্টকে ঘিরে পুঞ্জীভূত অনিয়ম, বিপুল আর্থিক ক্ষতি এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর অব্যবস্থাপনায় ক্ষুব্ধ তামিম স্পষ্ট করে বলেছেন, এভাবে বিপিএল চালানো সম্ভব নয়। বৃহস্পতিবার (৭ মে) জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
ফ্র্যাঞ্চাইজি সংকটে কঠোর অবস্থান
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, “যদি যথাযথ ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে আমার মনে হয় না বিপিএলটা করা উচিত আমাদের। আমি মনে করি নিয়মিত বিপিএল হওয়া উচিত, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ফ্র্যাঞ্চাইজি। আমার কারণে যদি বিসিবি ভোগান্তিতে পড়ে, তবে আমাকে ধরতে হবে। জেনেশুনে ভুল করাটা অপরাধ।” টুর্নামেন্টের আর্থিক ক্ষতি উল্লেখ করে তিনি জানান, বিপিএল একসময় লাভজনক থাকলেও বর্তমানে এর আর্থিক দায়ভার ১৪ থেকে ১৬ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে, যা এভাবে চালানো অসম্ভব।
পারিশ্রমিক নিয়ে বার্তা
২০২৬ বিপিএল শেষ হওয়ার সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও অনেক ক্রিকেটার এখনও তাদের পূর্ণ পারিশ্রমিক পাননি। এই বিষয়ে বিপিএল কমিটির প্রধান ফাহিম সিনহা স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আগে আমরা দেখেছি ফ্র্যাঞ্চাইজিরা টাকা দিতে না পারলে বিসিবি আংশিক ক্ষতিপূরণ দিতো। কিন্তু এবার থেকে বিসিবি আর কোনও দায়দায়িত্ব নেবে না। চুক্তির বাইরে এক ইঞ্চিও নড়বে না বোর্ড।”
চট্টগ্রাম রয়্যালস ও বিসিবির শিক্ষা
বিপিএল শুরুর ঠিক আগমুহূর্তে চট্টগ্রাম রয়্যালস অভিভাবকশূন্য হয়ে পড়ায় দলটির দায়িত্ব বিসিবিকে নিতে হয়েছিল। এতে বোর্ডের সাড়ে ৫ কোটি টাকা লোকসান হয়েছে উল্লেখ করে ফাহিম সিনহা জানান, এ ধরনের ভুল সিদ্ধান্তের পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রে বিসিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।



