দেশজুড়ে চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ প্রতিভা অন্বেষণ কর্মসূচির ষষ্ঠ দিনে মাঠ মাতিয়েছে দুই কিশোর ক্রিকেটার। চট্টগ্রাম ও ময়মনসিংহে অনুষ্ঠিত পৃথক দুটি ম্যাচে ব্যাট ও বলের অসাধারণ নৈপুণ্যে সবার নজর কেড়েছেন ইভান রায়হান ইশান ও ইমরান খান।
ইশানের বিধ্বংসী ব্যাটিং
চট্টগ্রামের বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে টর্নেডোর মতো ঝড় তোলেন কোতোয়ালি শিক্ষা থানার ওপেনার ইভান রায়হান ইশান। সান সাইন গ্রামার স্কুলের অষ্টম শ্রেণির এই শিক্ষার্থী মীরসরাই উপজেলার বোলারদের তুলোধুনো করে মাত্র ৪২ বলে ১১০ রানের দানবীয় ইনিংস খেলেন। তার ইনিংসটি ছিল ১২টি বিশাল ছক্কা ও ৭টি চারের মার দিয়ে সাজানো। ইশানের বিধ্বংসী ব্যাটিংয়ের কল্যাণে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রানের পাহাড় গড়ে কোতোয়ালি। জবাবে মীরসরাই উপজেলা মাত্র ৪৭ রানেই অলআউট হয়ে বিশাল ব্যবধানে হেরে যায়। ব্যবসায়ী রায়হান চৌধুরীর পুত্র ইশানের এই ব্যাটিং শৈলী চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে এখন আলোচনার শীর্ষে।
ইমরানের বোলিং ম্যাজিক
অন্যদিকে, ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ক্রিকেট বালক বিভাগের খেলায় বল হাতে আগুন ঝরিয়েছেন ত্রিশাল উপজেলার পেসার ইমরান খান। গফরগাঁও উপজেলার বিপক্ষে প্রথম রাউন্ডের এই ম্যাচে ইমরান অভাবনীয় এক স্পেল উপহার দেন। মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়ে ৪ রান খরচায় তিনি প্রতিপক্ষের ৫টি উইকেট তুলে নেন। তার এই বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করে ত্রিশাল উপজেলা গফরগাঁওকে ১৬ রানে হারিয়ে জয় পায়।
সারাদেশে তৃণমূল পর্যায়ে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করার এই কর্মসূচিতে ষষ্ঠ দিনে ইশানের সেঞ্চুরি ও ইমরানের পাঁচ উইকেট প্রাপ্তি নতুন কুঁড়ি স্পোর্টসের জৌলুস বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন।



