ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু আজ, ১২ দলের লড়াই
ডিপিএল শুরু আজ, ১২ দলের লড়াই ৬৬ ম্যাচে

হাজারো অনিশ্চয়তা ও শঙ্কা কাটিয়ে অবশেষে আজ থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। ১২ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই লিগে প্রতিটি ম্যাচ ডেতে ছয়টি ভেন্যুতে মাঠে গড়াবে ছয়টি করে ম্যাচ। পুরো আসরে মোট ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগের পর্দা নামবে আগামী ১১ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

ফরম্যাট ও সময়সূচি

এবারের আসরটি অনুষ্ঠিত হবে সিঙ্গেল লিগ ফরম্যাটে, অর্থাৎ সুপার লিগ ও রেলিগেশন লিগ ছাড়াই। বিষয়টি আগেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম রাউন্ডের খেলায় আজ বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী মাঠে নামবে ঢাকা লেপার্ডসের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্ট সিটি কমপ্লেক্সে (বিএসসিসি)।

প্রথম রাউন্ডের অন্যান্য ম্যাচ

গত আসরের রানার্সআপ মোহামেডান বিকেএসপির তিন নম্বর মাঠে নিজেদের প্রথম ম্যাচে নামবে সিটি ক্লাবের বিপক্ষে। অন্যদিকে ইউল্যাবের মাঠে লড়াইয়ে নামবে গাজী গ্রুপ ক্রিকেটাস ও ব্রাদার্স ইউনিয়ন। ক্রিকেটার্স অ্যাকাডেমিতে খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স। গুলশান ক্রিকেট ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্স খেলবে পিকেএসপির দুই নম্বর মাঠে এবং অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংক খেলবে বিকেএসপির চার নম্বর মাঠে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী আসর ও বর্তমান প্রেক্ষাপট

এর আগে সবশেষ ২০২৪-২৫ মৌসুমে শিরোপা জিতেছিল আবাহনী। সেবার লিগে খেলেছিলেন সাকিব আল হাসানও। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই প্রথম বারের মতো মাঠে গড়াতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এবারের আসরে অংশ নিতে যাওয়া দলগুলো হলো: আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অফ রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।