বার্সেলোনা যে লা লিগা শিরোপা নিশ্চিত করতে সব আয়োজন সম্পন্ন করে ফেলেছে তা বলাই যায়। টানা দ্বিতীয় শিরোপার খুব কাছে পৌঁছে গেছে কাতালান ক্লাবটি। ওসাসুনার মাঠে কঠিন লড়াইয়ে ২-১ গোলের জয়ে শীর্ষে নিজেদের ব্যবধান ১৪ পয়েন্টে বাড়িয়েছে হান্সি ফ্লিকের দল।
শিরোপা নিশ্চিতের সমীকরণ
এখন রবিবার যদি এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিততে না পারে, তাহলেই বার্সেলোনা শিরোপা উৎসব করতে পারবে। আর রিয়াল জিতলে তখন অপেক্ষা বাড়বে। ১০ মে নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষে হার এড়ালেই শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা।
ম্যাচের বিবরণ
ওসাসুনার বিপক্ষে শনিবারের ম্যাচটি দীর্ঘ সময় ধরে ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। পরে শেষ দিকে ৮১ মিনিটে বদলি হিসেবে নামা মার্কাস র্যাশফোর্ডের নিখুঁত ক্রস থেকে হেডে ডেড লক ভাঙেন স্ট্রাইকার রবের্ত লেভানডোভস্কি।
এর পাঁচ মিনিট পর মাঝমাঠে ফেরমিন লোপেজের দারুণ পাস থেকে গোলরক্ষক সার্জিও হেরেরাকে পরাস্ত করে ব্যবধান বাড়ান ফেরান তোরেস। তবে দ্রুত জবাব দেয় ওসাসুনাও। ৮৮ মিনিটে আবেল ব্রেতোনেসের চমৎকার ক্রস থেকে হেডে গোল করেন রাউল গার্সিয়া।
শেষ পর্যন্ত লিড ধরে রেখে লিগে টানা দশম জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল।



