নিরাপত্তা ঝুঁকি থাকায় ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। এই সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর এবার মুখ খুলেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দুবাইয়ে বেলজিয়াম টি-টোয়েন্টি লিগের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
সরকারের সিদ্ধান্তকে বড় ভুল বললেন সাকিব
সাকিব বলেন, 'বাংলাদেশের মতো একটি দেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা অনেক বড় একটি মিস ছিল। এটি সরকারের পক্ষ থেকে একটি বড় ভুল ছিল যে তারা সেই বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল।' তিনি আরও বলেন, 'বাংলাদেশ ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এটি একটি বড় ক্ষতি, বিরাট এক মিস। কারণ একটি দেশ হিসেবে আমরা আমাদের খেলোয়াড়দের বিশ্বকাপ খেলতে দেখতে ভালোবাসি।'
তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ভবিষ্যৎ
ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আমিনুল ইসলামের বোর্ড ভেঙে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকে তিন মাসের জন্য বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে। তিন মাস পর অনুষ্ঠিত হবে বিসিবির নতুন নির্বাচন, যেখানে তামিমও অংশ নেবেন। সাকিবের মতে, নির্বাচিত হয়ে তামিম আবারও বোর্ডে আসলে তাতে দেশের ক্রিকেট উপকৃত হবে। তিনি বলেন, 'আমি বলতে চাই, তিনি (তামিম ইকবাল) তো নির্বাচিত হয়ে আসেননি। তিনি নির্বাচন আয়োজনের জন্য সেখানে দায়িত্ব পেয়েছেন এবং আশা করি, তিনি যদি সভাপতি হন, আমি মনে করি তার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকবে এবং নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে উপকৃত হবে।'
বাংলাদেশ দলের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সাকিব
সাবেক বিশ্বসেরা ক্রিকেটারের মতে, বাংলাদেশ ক্রিকেট অনেক ভালো করছে এবং আগামীতে আরো ভালো করবে। তিনি বলেন, 'বাংলাদেশ দল এই মুহূর্তে সত্যিই ভালো করছে। তারা মাত্রই নিউজিল্যান্ডকে হারিয়েছে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতেছে। তাদের একটি ভালো দল আছে। আপনি জানেন আগে এটি ব্যক্তিনির্ভর ছিল কিন্তু এখন এটি মূলত দলকেন্দ্রিক এবং আমি মনে করি এগিয়ে যাওয়ার জন্য এটাই ভালো উপায়।' এছাড়া, দেশের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন সাকিব। তিনি বলেন, 'আমি কোনো নাম বলতে চাই না। তবে আপনি জানেন বেশির ভাগ খেলোয়াড়ই প্রতিশ্রুতিশীল এবং তারা সত্যিই ভালো করছে। নতুন প্রজন্মের সঙ্গে কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমি মনে করি, আমাদের একটি ভালো ভবিষ্যৎ আছে।'
আইপিএল মিস করছেন না সাকিব
বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি আইপিএলের মৌসুম খেলেছেন সাকিব। তবে গেল কয়েক আসরে খেলা হয়নি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের। ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিস করছেন কি না—এই প্রসঙ্গে সাকিব বলেন, 'আমি যথেষ্ট ম্যাচ খেলেছি আইপিএলে। এখন তরুণরা আসছে, ভালোও করছে। আমার বয়সের খেলোয়াড় হয়তো বড়জোর পাঁচ জন আছে যারা এখনো আইপিএল খেলছে। এই বয়সে এসে আইপিএল খেলা কঠিন আমার জন্য। আমি মিস করছি না। তবে দেখতে ভালো লাগে।'



