বাংলাদেশ–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমানসহ তিন পেসার আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাভ করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের। এ ছাড়া ব্যাটসম্যান নাজমুল হোসেন ও লিটন দাস এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও এগিয়েছেন। আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে আজ এ তথ্য জানা গেছে।
পেসারদের দারুণ সাফল্য
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজজয়ের পথে মোট ১৮ উইকেট নিয়েছিলেন রানা, শরীফুল ও মোস্তাফিজ। এর মধ্যে তিন ম্যাচে ৮ উইকেট নেওয়া রানা ১৬ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠেছেন। তিন ম্যাচে ৫ উইকেট নেওয়া শরীফুল ১১ ধাপ এগিয়ে এখন ২৮তম স্থানে। আর সিরিজে মাত্র এক ম্যাচ খেলে ৫ উইকেট নেওয়া মোস্তাফিজ ১৪ ধাপ এগিয়ে ৪১তম স্থানে অবস্থান করছেন।
ব্যাটসম্যানদের অগ্রগতি
সিরিজে দুই দলের একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেনও র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ১১ ধাপ এগিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান এখন ৩২তম স্থানে। এ ছাড়া একটি ফিফটিসহ তিন ম্যাচে ১২৯ রান করা লিটন দাস ১৫ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে উঠেছেন।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মিরাজ
ব্যাটিং-বোলিং দুটির সমন্বয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এগিয়েছেন অধিনায়ক মিরাজ। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার ৩৬ রান ও ২ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তাঁর ও মোহাম্মদ নবীর রেটিং ২৭৫ করে। ৩২৯ রেটিং নিয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, ২৭৬ রেটিং নিয়ে দুইয়ে সিকান্দার রাজা।
এই র্যাঙ্কিংয়ে হালনাগাদ হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টুয়েন্টির পারফরম্যান্সও। ৫১ রানের অপরাজিত ইনিংস খেলা তাওহিদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে অবস্থান করছেন।



