পিএসএল ফাইনালে গ্যালারিতে ফিরবেন দর্শক। পিএসএল ব্যাটসম্যান চার-ছক্কায় বল পাঠাচ্ছেন বাউন্ডারির বাইরে, কিন্তু গ্যালারি খাঁ খাঁ করছে নিস্তব্ধতায়—এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিয়মিত চিত্র এটি। ইরান যুদ্ধের জেরে সৃষ্ট জ্বালানিসংকটে পুরো টুর্নামেন্টই দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকার। তবে শেষ বেলার জন্য সিদ্ধান্ত পাল্টেছে দেশটি।
ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ৩ মে অনুষ্ঠিত হবে পিএসএলের এবারের ফাইনাল। এই ম্যাচ দর্শক গ্যালারিতে বসে দেখতে পারবেন বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পিএসএল ফাইনালে দর্শক প্রবেশে অনুমতি দিয়েছেন।
টুর্নামেন্টের পটভূমি
প্রথমবারের মতো ৮ দল নিয়ে পিএসএলের এবারের আসর শুরু হয় গত ২৬ মার্চ। এর চার দিন আগেই পিসিবি জানায়, জ্বালানি খরচ কমাতে এবং কৃচ্ছ্রসাধন নীতি বজায় রাখতে পুরো টুর্নামেন্ট দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে। এমনকি ছয়টি ভেন্যুর পরিবর্তে খেলা কমিয়ে আনা হয় শুধু লাহোর ও করাচিতে। জ্বালানি পরিস্থিতির উন্নতি সাপেক্ষে দর্শকদের ফেরার সুযোগ রাখা হলেও গত এক মাসে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। এ কারণে বিশেষ অতিথি ও স্পনসরদের বাইরে সাধারণ দর্শকদের জন্য স্টেডিয়ামের দরজা বন্ধই ছিল।
দর্শক ফেরানোর দাবি
টুর্নামেন্ট যত গড়িয়েছে, গ্যালারিতে দর্শক ফেরানোর দাবি তত জোরালো হয়েছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি মালিকেরা গ্যালারিভর্তি দর্শকের উপস্থিতিতে ম্যাচ আয়োজনের জন্য ক্রমাগত বলে আসছিলেন। তাঁদের সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই পিসিবি চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে বিশেষ আবেদন জানান।
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত
আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পিসিবি চেয়ারম্যান লেখেন, ‘আমি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। যদিও তিনি নিজেও অনুমতি দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন, তবে তিনি জোর দিয়ে বলেছেন যে বর্তমানে পাকিস্তানজুড়ে কৃচ্ছ্রসাধন নীতি কার্যকর রয়েছে এবং জ্বালানি খরচ কমানোর প্রচেষ্টা চলছে। শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধে তিনি সদয় হয়ে পিএসএল ১১-এর ফাইনালে দর্শকদের উপস্থিতির অনুমতি দিয়েছেন।’
বর্তমান অবস্থা
এবারের পিএসএলে ফাইনালের আগে মোট ৪৩টি ম্যাচ হওয়ার কথা। ২৪ এপ্রিলের মধ্যে ৩৬টি ম্যাচ শেষ হয়েছে। এরই মধ্যে শীর্ষ চারে জায়গা নিশ্চিত করেছে পেশোয়ার জালমি, মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেড।



