খেলাধুলায় শিশু-যুবকদের মাদক-সন্ত্রাস থেকে ফিরিয়ে আনা সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী
খেলাধুলায় শিশু-যুবকদের মাদক-সন্ত্রাস থেকে ফিরিয়ে আনা সম্ভব

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, জাতীয় খেলাধুলার মাধ্যমেই শিশু ও যুবকদের মাদক ও সন্ত্রাস থেকে ফিরিয়ে আনা সম্ভব। বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী সরকার ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি

শুক্রবার (২৪ এপ্রিল) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে নান্দাইল উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, নির্বাচনের পূর্বে সারা বাংলাদেশে মাদক এবং সন্ত্রাস একটি বিরাট আকার ধারণ করেছিল। আমরা শিশুদের খেলার মাধ্যমে সেই মাদক ও সন্ত্রাস থেকে দূরে সরিয়ে আনতে সক্ষম হচ্ছি। খেলাধুলার মাধ্যমেই শিশু ও যুবকদের মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনা সম্ভব।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নান্দাইলে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা

প্রতিমন্ত্রী আরও বলেন, নিজ নির্বাচনি এলাকায় ইশতেহার অনুযায়ী নান্দাইলে খেলাধুলার জন্য একটি মিনি স্টেডিয়াম তৈরি করতে ইতোমধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অবগত করেছি। এ বিষয়ে ডিও লেটারও দিয়েছি। নান্দাইলের বিভিন্ন খেলার ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছি এবং ক্লাবগুলোকে কীভাবে আরও উন্নত করা যায় সেদিকে নজর দিচ্ছি। যত শীঘ্রই সম্ভব স্টেডিয়ামের জায়গা নির্ধারণ করে তা বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, আমাদের শিশুরা শুধু ক্লাসরুমেই সীমাবদ্ধ থাকবে না। তারা খেলার মাঠেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। এই মাঠ থেকেই তৈরি হবে আগামী জাতীয় পর্যায়ের খেলোয়াড়, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে তুলে ধরবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা

এ সময় নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, নাজমুল হাসান, নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, ওসি আজাহারুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সালমা আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলার ফলাফল

উক্ত ফাইনাল খেলা শেষে উত্তর জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ও আচারগাঁও উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলের হাতে পৃথক চ্যাম্পিয়ন ট্রফি এবং দেওয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ও সিংরইল দক্ষিণপূর্ব কুচুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলের হাতে পৃথক রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়।