চড় মারার প্রতিশোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২
চড় মারার প্রতিশোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চড় মারার প্রতিশোধ নিতে সানি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানি ওই গ্রামের কাতার প্রবাসী হাদিউল ইসলামের ছেলে। আটকরা হলেন- একই এলাকার আজিজুল ও নজরুল ইসলাম। তারা ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে এবং অভিযুক্ত মফিজুলের ভাই।

নিহতের পরিবারের অভিযোগের বরাতে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার হিজলীয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন সানি। এসময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা একই এলাকার সুরুজ মিয়ার ছেলে মফিজুলের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে কোনো এক বিষয় নিয়ে মফিজুলের সঙ্গে সানির কথা-কাটাকাটি হয়েছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে সানি মফিজুলকে একটি চড় মারে। এলাকাবাসীর ধারণা ওই ঘটনার জেরে সানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ