ক্রিকেট থেকে অবসরের আগেই আওয়ামী লীগের নৌকা প্রতীকে রাজনীতিতে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। ২০২৪ সালের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিপদে পড়েন তারা। মাশরাফি আনুষ্ঠানিক অবসর না নিলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই; সাকিব আরও কয়েক বছর খেলতে চান, কিন্তু আওয়ামী লীগের পতনের পর একাধিক মামলায় আসামি হওয়ায় দেশে ফেরা কঠিন হয়ে গেছে।
বিসিবি কর্মকর্তার বক্তব্য
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু বলেন, 'আমাদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খেলা থেকে অবসর নিয়ে রাজনীতিতে এসেছেন। আর সাকিব-মাশরাফি এখন রাজনীতিবিদ, খেলোয়াড় আরেকটা জিনিস। তাদের উচিত রাজনৈতিকভাবে বিষয়গুলো মোকাবিলা করা। আইনের মুখোমুখি হয়ে তারা যদি ক্লিন হয়ে দেশে আসতে পারেন, আমরা স্বাগত জানাব।'
দায়ভার থেকে মুক্ত নন
আওয়ামী লীগের অন্যায়-অবিচারের দায়ভার থেকে সাকিব-মাশরাফি মুক্ত নন বলে মন্তব্য করেন বিসিবির এই কর্মকর্তা। তিনি বলেন, 'আমি যখন একটা রাজনৈতিক দলের ভিতরে ঢুকে যাই, বিশেষ করে এমপি হয়ে যাই, তখন যত ধরনের ঘটনা ঘটবে, কিছুটা হলেও তাদের দায় আসবে। তারা দেশে এসে আইনের মুখোমুখি হয়ে যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে আবার খেলাধুলায় ফিরতে পারবেন।'



