৪ বছর পর জাতীয় দলে ফিরলেন মোসাদ্দেক
৪ বছর পর জাতীয় দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন

প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। আজ ঘোষণা করা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে জায়গা পেয়েছেন তিনি। ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সর্বশেষ মাঠে নেমেছিলেন মোসাদ্দেক।

দলে পরিবর্তন

গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে শেষবার মাঠে নেমেছিল বাংলাদেশ। ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম। তাদের জায়গায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ পেয়েছেন নুরুল হাসান ও মোসাদ্দেক হোসেন।

বাদ পড়ার ব্যাখ্যা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের কোনো ম্যাচেই মাঠে নামেননি মাহিদুল ইসলাম। আফিফ এক ম্যাচ খেলে ৪৯ বলে ২৭ রান করেছিলেন। তাদের বাদ দেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক হাবিবুল বলেছেন, ‘মাহিদুলকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি। আফিফকেও যথেষ্ট সুযোগ দিতে পেরেছি সেটাও আমি বলতে পারব না, সুযোগ আরেকটু বেশি পেতে পারত সে। এই মুহূর্তে আমরা টেকটিক্যাল পরিবর্তন করেছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুনদের সম্ভাবনা

মোসাদ্দেক ও নুরুলকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে, ছয় নম্বরে তার স্কিলটা আরও বেশি কাজে লাগবে আমাদের জন্য। সে অভিজ্ঞ ক্রিকেটার, আগেও খেলেছে, প্রিমিয়ার লিগে ভালো ফর্মে আছে। তার অলরাউন্ড সক্ষমতা আমরা কাজে লাগাব।’

এবারের প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে এখন পর্যন্ত ৬ ইনিংসে ৭৭.৫০ গড় ও ১২৯.১৭ স্ট্রাইক রেটে ৩১০ রান করেছেন মোসাদ্দেক। তার সঙ্গে দলে ফেরা নুরুল ৮ ইনিংসে করেছেন ২৪৮ রান। ৬–৭ নম্বরে ব্যাট করার জন্য উইকেটকিপার ব্যাটসম্যানের চেয়ে তাকে মাহিদুলের চেয়ে ভালো মনে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।

সিরিজ সূচি

আগামী ৯ জুন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে পরের দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ জুন। এরপর তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ দল

অস্ট্রেলিয়া সিরিজের বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।