লুইস সুয়ারেজের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হলো। উরুগুইয়ান এই তারকা স্ট্রাইকার জানিয়েছিলেন, ডাক পেলে অবসর ভেঙে জাতীয় দলে ফিরে আরেকটি বিশ্বকাপ খেলতে তিনি প্রস্তুত। তবে সেই সম্ভাবনা আর বাস্তবায়ন হলো না। আজ ৩৯ বছর বয়সী সুয়ারেজকে বাদ দিয়েই ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা।
সুয়ারেজ ছাড়া দলে আছেন যারা
সুয়ারেজ বাদে পরিচিত প্রায় সব নামই স্থান পেয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের দলে। রক্ষণভাগে রয়েছেন রোনালদ আরাউহো, হোসে মারিয়া হিমিনেজ ও মাতিয়াস অলভিয়েরা। মাঝমাঠ সামলাবেন ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেনতাঙ্কুর ও মানুয়েল উগার্তেরা। আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন দারউইন নুনিয়েজ।
উরুগুয়ের গ্রুপ ও সূচি
বিশ্বকাপে উরুগুয়ে খেলবে এইচ গ্রুপে। ১৫ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে দলটি। এরপর কেপ ভার্দে ও স্পেনের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তারা।
উরুগুয়ের বিশ্বকাপ দল
গোলরক্ষক: সের্হিও রোচেত, ফার্নান্দো মুসলেরা, সান্তিয়াগো মেলে।
ডিফেন্ডার: গিয়ের্মো ভারেলা, রোনালদ আরাউহো, হোসে মারিয়া হিমিনেজ, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্তিয়ান কাসেরেস, মাতিয়াস ওলিভিয়েরা, হোয়াকিন পেকেরেজ, মাতিয়াস ভিনা।
মিডফিল্ডার: মানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো বেনতাঙ্কুর, ফেদেরিকো ভালভার্দে, অগাস্টিন কানোবিও, হুয়ান মানিয়েল সানাব্রিয়া, জর্জিয়ান দে আরাসকায়েতা, নিকোলাস দে লা ক্রুজ, রদ্রিগো সালাজার, ফাকুন্দো পেয়েস্ত্রি, মাক্সিমিলিয়ানো আরাউহো, ব্রায়ান রদ্রিগেজ।
ফরোয়ার্ড: রদ্রিগো আগুইরে, ফেদেরিকো ভিনাস, দারউইন নুনিয়েজ।



