বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। তিনি ক্যাটাগরি–১ এর অধীনে ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনের পরপরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেন এই ক্রীড়া সংগঠক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রেদোয়ান ফুয়াদ বলেন, একটি বেসরকারি টেলিভিশনের সংবাদে তার ফেসবুক আইডি থেকে আপত্তিকর মন্তব্যটি অসাবধানতাবশত করা হয়েছে। এ ঘটনায় তিনি ক্ষমা প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, মন্তব্যটি তার দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি মুছে ফেলা হয়েছে। নিজেকে একজন ক্রীড়া সংগঠক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার অতীত রেকর্ড ঘাঁটলে তা স্পষ্ট হবে। পাশাপাশি তিনি নিজেকে সাংবাদিকবান্ধব উল্লেখ করে বলেন, দেশের প্রায় সব ক্রীড়া সাংবাদিকের সঙ্গেই তার নিয়মিত যোগাযোগ রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে সাংবাদিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।



