ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি বিরল ট্রেডিং কার্ড রেকর্ড ১৩ লাখ ৫০ হাজার ডলারে (প্রায় ১৬ কোটি ৫৩ লাখ টাকা) বিক্রি হয়েছে। রোববার (২৪ মে) ‘ফ্যানাটিকস কালেক্ট’-এর মাধ্যমে ব্যক্তিগতভাবে এই বিক্রির বিষয়টি ইএসপিএনকে নিশ্চিত করেছে ফ্যানাটিকস কর্তৃপক্ষ। এটি রোনালদোর যেকোনো ট্রেডিং কার্ডের জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।
ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ
ফুটবল ইতিহাসে কার্ড বিক্রিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ দাম। তালিকার শীর্ষে লিওনেল মেসির একটি ‘রুকি’ কার্ড, যা ২০২৫ সালের সেপ্টেম্বরে বিক্রি হয়েছিল ১৫ লাখ ডলারে (প্রায় ১৮ কোটি ৩৬ লাখ টাকা)। সেটা ছিল ‘লিওনেল মেসি ২০০৪ পানিনি মেগা ক্রাকস পিএসএ ১০’ ট্রেডিং কার্ড।
পেলের কার্ড তৃতীয়
ফুটবলের ইতিহাসে প্রথম ১০ লাখ ডলারের মাইলফলক ছোঁয়া ট্রেডিং কার্ডটি ব্রাজিল কিংবদন্তি পেলের। তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলারের ‘রুকি কার্ড’ ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছিল ১৩ লাখ ৩০ হাজার ডলারে (প্রায় ১৬ কোটি ২৮ লাখ টাকা)। ফুটবল ইতিহাসে কার্ড বিক্রির দামে এটি তৃতীয় সর্বোচ্চ।
পূর্ববর্তী রেকর্ড
এর আগে গত ২২ মে ‘ফ্যানাটিকস প্রিমিয়ার’ নিলামে রোনালদোর একটি কার্ড ৪ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়, যা ছিল তার কার্ড বিক্রির পূর্ববর্তী সর্বোচ্চ দামের রেকর্ড। ২০১৫ সালের ‘পানিনি ফ্ললেস ফিনিশেস ব্ল্যাক’ সংস্করণের সেই অনন্য (১-অব-১) কার্ডটিতে রোনালদোর অটোগ্রাফও ছিল। কার্ড গ্রেডিং প্রতিষ্ঠান ‘প্রফেশনাল স্পোর্টস অথেনটিকেটর’ (পিএসএ) কার্ডটির মান ৭ এবং অটোগ্রাফের মান ১০ গ্রেডে নির্ধারণ করেছিল।
বিরল কার্ড
রোনালদোর ‘২০১৮ পানিনি কাবুম গ্রিন ১-অব-১’ ট্রেডিং কার্ডটি একদমই বিরল। সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, কার্ডটি ২০১৮ সালের ‘পানিনি কাবুম গ্রিন প্যারালাল’ সংস্করণ, যা পৃথিবীতে মাত্র একটিই তৈরি করা হয়েছিল। কমিক বইয়ের চমৎকার শিল্পশৈলীর কারণে আধুনিক যুগের একাধিক খেলার সংগ্রাহকদের কাছে পানিনির ‘কাবুম’ সেটগুলো সব সময়ই বেশ জনপ্রিয় এবং মূল্যবান সংগ্রহ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
অ্যাথলেটিক আরও জানিয়েছে, ২০১৮ সালে ৫০ জন খেলোয়াড়কে নিয়ে এই বিশেষ সেট বাজারে আসে, যা কেবল ‘পানিনি রিওয়ার্ডস’ কর্মসূচির আওতায় বিভিন্ন খেলার মিশ্র প্যাকেজে (মাল্টিস্পোর্ট প্যাক) পাওয়া যেত। পাঁচ বছর আগে বাজারে আসা সাধারণ বেজ সংস্করণগুলোর চেয়ে এই সেটে অনন্য ‘গ্রিন ১/১’ সংস্করণ যুক্ত করা হয়। আর এ কারণেই বিশ্বজুড়ে নামী ও বড় সংগ্রাহকদের কাছে এই সেটের চাহিদা আকাশচুম্বী।



