বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, তার একটি বিষয় খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জাতীয় দলের খেলা মিস করছেন সাকিব
২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সর্বশেষ মাঠে নেমেছিলেন সাকিব। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি তার। প্রায় দুই বছর হতে চলল জাতীয় দলের বাইরে আছেন তিনি। মিস করছেন জাতীয় দলের খেলা—এমনটাই জানিয়েছেন সাকিব।
তিনি বলেন, ‘হ্যাঁ, সেটা তো যে কেউই মিস করবে। ধরুন এই যে মুশফিক ভাই বা আরও আগের হাবিবুল বাশার ভাইয়ের কথা যদি বলি— যারা জাতীয় দলে খেলেছেন, দল থেকে বেরিয়ে প্রত্যেকেই সেটা মিস করেন— এটাই স্বাভাবিক। এটি একটি বিশেষ জায়গা।’
অবসর না নিয়েই দলের বাইরে
সব খেলোয়াড় অবসর নেন, তারপর সরে যান জাতীয় দল থেকে। কিন্তু সাকিব আল হাসানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তিনি খেলতে পারছেন না কিংবা দেশে ফিরতে পারছেন না— দুটোই মূলত রাজনৈতিক কারণে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা হওয়া সত্ত্বেও অবসর না নিয়েও জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না। স্বাভাবিকভাবেই আফসোস তো থেকেই যায়।
সাকিব বলেন, ‘সেটা তো অবশ্যই। তবে আফসোস কখনো লাগেনি। টেলিভিশনে দলের খেলা দেখেও কখনো মনে হয় না যে আমি তো খেলছি না! কয়েকবার সাসপেন্ড-টাসপেন্ড হয়ে অভ্যাস হয়ে গেছে মনে হয় (হাসি)। ওইটা মিস করি না। হ্যাঁ, খেলতে পারছি না, এটার কষ্ট তো আছেই।’
বিসিবির উদ্যোগ ও আইনি প্রক্রিয়া
এর আগে বিসিবির সাকিবকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথা শোনা গেলেও সেই কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে সাকিব নিজেই পরিষ্কার করে জানিয়েছেন— আগের কোনো অবস্থায় নেই। তিনি বলেন, ‘আমি আইনগতভাবে যা করা সম্ভব করছি। আশা করি, অন্তত একটা বিষয় খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। খুবই তাড়াতাড়ি। এরপর থাকবে দুটা কেস।’



