বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো সুপার বোল ধাঁচের কনসার্ট
বিশ্বকাপ ফাইনালে প্রথমবার সুপার বোল ধাঁচের কনসার্ট

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে আয়োজন করা হবে সুপার বোল ধাঁচের জাঁকজমকপূর্ণ কনসার্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। সেখানে পারফর্ম করবেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা, শাকিরা এবং কে-পপ সেনসেশন বিটিএস। আজ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ ঘোষণা দিয়েছে।

ক্রিস মার্টিনের কিউরেশন

পুরো আয়োজনের কিউরেটর হিসেবে থাকছেন কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। বিশ্বকাপের ফাইনালে এ ধরনের ‘হাফটাইম শো’ এবারই প্রথম। তবে এ অনুষ্ঠানের কারণে ম্যাচে বিরতির নির্ধারিত সময় ঠিক কতটা বাড়বে, তা নিয়ে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে।

৪৮ দলের বিশ্বকাপের আয়োজন

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন মাঠে গড়াবে ৪৮ দলের বিশ্বকাপ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত বছরের মার্চে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে এমন শো আয়োজনের ঘোষণা দেন। তবে কারা পারফর্ম করবেন কিংবা কতক্ষণ এই শো চলবে, সে বিষয়ে তখন কিছু জানাননি ইনফান্তিনো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে করা পোস্টে ইনফান্তিনো বলেন, ‘বিশ্বকাপের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টের উপযুক্ত এক আয়োজন হবে এটি।’

টাইমস স্কয়ারে বিশেষ উৎসব

বিশ্বকাপের ফাইনাল ছাড়াও এই টুর্নামেন্টের শেষ সপ্তাহে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশেষ উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে ফিফার। এই হাফটাইম শো থেকে প্রাপ্ত অর্থ ফিফার ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ জমা হবে, যার লক্ষ্য বিশ্বকাপের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের সহায়তায় ১০ কোটি ডলার সংগ্রহ করা।

শাকিরার নতুন গান

গত সপ্তাহে বিশ্বকাপের অফিশিয়াল থিম সংয়ের ৬৭ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশ করেন কলম্বিয়ান তারকা শাকিরা। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিত্রায়িত গানটির শিরোনাম ‘দাই দাই’। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে গানটি প্রকাশ পাওয়ার কথা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২০১০ বিশ্বকাপে কালজয়ী ‘ওয়াকা ওয়াকা’ গানের গায়িকা শাকিরা এবার নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে মিলে নতুন গানটি তৈরি করেছেন। বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রিয়ন্ডা’ হাতে নিয়ে গানের কিছু অংশে কণ্ঠ দিয়েছেন শাকিরা, যেখানে তাঁর সঙ্গে নৃত্যশিল্পীদের গায়ে ছিল যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার জার্সির রঙের পোশাক।

বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক অনেক পুরোনো। এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপেও গান ও পারফরম্যান্সের মাধ্যমে গ্যালারি মাতিয়েছেন এই কলম্বিয়ান কিংবদন্তি।