দেশজুড়ে তাপপ্রবাহ, আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা
দেশজুড়ে তাপপ্রবাহ, আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

সারাদেশেই তাপমাত্রা বেড়েই চলেছে। তাপপ্রবাহে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। আজ (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, ঢাকার আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। তবে, আজ দুপুরের পর পূর্বাভাস অনুযায়ী, অনেক এলাকায় ঝড় ও শিলাবৃষ্টির আভাস দেওয়া হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে একে মৃদু তাপপ্রবাহ বলা হয়। আজকে দেশের ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বাঘাবড়ি, রাঙামাটি, ফেনী, বান্দরবান, রামগতি, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুমারখালি, কয়রা, পটুয়াখালীতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তাপপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয়, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, এবারের এপ্রিল ছিল বেশ স্বস্তিদায়ক। এর আগে এই মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত উঠেছে। এবার সর্বোচ্চ ছিল ৪০ ডিগ্রি। আর মে মাসে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা খুব একটা আর বাড়বে না। আজকে থেকে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে শুরু করবে বলে তিনি জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ