উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পটুয়াখালী নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার বিকাল থেকে পটুয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। মাঝেমধ্যে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। নদ-নদীর অবস্থা স্বাভাবিক থাকলেও সাগর কিছুটা উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মাছ ধরার নৌকার নির্দেশনা
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। খোঁজ নিয়ে জানা গেছে, ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলমান থাকায় নিষেধাজ্ঞা মেনে চলা জেলে বর্তমানে ঘাটে অবস্থান করছেন।
নদীবন্দরের সতর্কতা
অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার বিকাল তিনটা থেকে দিবাগত রাত একটা পর্যন্ত পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই পটুয়াখালী নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।



