অর্থনীতি: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন
প্রশ্ন: বাজার চাহিদা রেখা কী?
উত্তর: কোনো সমজাতীয় দ্রব্য বিভিন্ন দামে বিভিন্ন ব্যক্তি যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে, তা যে চাহিদা রেখার সাহায্যে দেখানো হয়, তাকে বলা হয় বাজার চাহিদা রেখা। ব্যক্তিগত চাহিদা সূচি যোগ করে যেমন বাজার চাহিদা সূচি পাওয়া যায়, তেমনি বিভিন্ন ভোক্তার ব্যক্তিগত চাহিদা রেখাগুলো যোগ করে বাজার চাহিদা রেখা পাওয়া যায়। এই রেখার সাহায্যে বাজারে উপস্থিত কোনো দ্রব্যের সামগ্রিক চাহিদা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করা যায়। বাজার চাহিদা রেখা একটি নির্দিষ্ট সময়কালে এবং নির্দিষ্ট বাজারে পণ্যের দাম ও চাহিদার মধ্যে সম্পর্ক নির্দেশ করে।
প্রশ্ন: সংগঠক-এর ধারণা দাও।
উত্তর: যিনি উৎপাদনের উপকরণ যেমন ভূমি, শ্রম, মূলধন প্রভৃতি একত্র করে তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন করেন, তাকে সংগঠক বলে। একজন সংগঠক কোনো নির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণের মধ্যে সুষ্ঠু ও কার্যকর সমন্বয় সাধন করে থাকেন। তিনি উৎপাদনের সব উপাদানকে সঠিকভাবে ব্যবহার করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করেন এবং ব্যবসায়ের ঝুঁকি বহন করেন। সংগঠকের মূল কাজ হলো পরিকল্পনা, সংগঠিত করা, কর্মী নিয়োগ, নির্দেশনা প্রদান এবং নিয়ন্ত্রণ করা।
প্রশ্ন: বাণিজ্যিক ব্যাংক বলতে কী বোঝায়?
উত্তর: বাণিজ্যিক ব্যাংক বলতে এমন একধরনের আর্থিক প্রতিষ্ঠান বোঝায়, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা রেখে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে। এর প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। এই উদ্দেশ্য পূরণে এ ব্যাংকসমূহ স্বল্প সুদে গ্রাহকদের অর্থ আমানত রাখে এবং তুলনামূলক বেশি সুদে গ্রাহকদের ঋণ প্রদান করে। বাণিজ্যিক ব্যাংক হলো স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী প্রতিষ্ঠান। এছাড়া বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের সেবা প্রদান করে, যেমন চেক, ড্রাফট, বৈদেশিক বিনিময়, লকার সুবিধা ইত্যাদি।
প্রশ্ন: নিকাশঘর বলতে কী বোঝায়?
উত্তর: নিকাশঘর বলতে ব্যাংকের বাৎসরিক দেনা-পাওনার হিসাব নিষ্পত্তিকারী প্রতিষ্ঠানকে বোঝায়। দৈনন্দিন ব্যবসা-বাণিজ্য ও লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক, ব্যাংক ড্রাফট ও পোস্টাল অর্ডারের আদান-প্রদান হয়। ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে কত পাওনা বা কত দেনা, তার সবশেষ হিসাব সংরক্ষণ ও নিষ্পত্তি করা হয় নিকাশঘরে। অর্থাৎ নিকাশঘর হলো দেনা-পাওনা নিষ্পত্তিকারী প্রতিষ্ঠান। এটি ব্যাংকিং ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ যা আন্তঃব্যাংক লেনদেন সহজ করে এবং তারল্য ব্যবস্থাপনায় সহায়তা করে।
মেজবাহউদ্দিন আহমেদ, প্রভাষক
ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
পরীক্ষা থেকে আরও পড়ুন
- এসএসসি অর্থনীতি
- এইচএসসি পরীক্ষা ২০২৬
- পড়াশোনা: এসএসসি
- এসএসসি পরীক্ষা ২০২৬



