এই সপ্তাহের রাশিফল: ৪-১০ জুলাই ২০২৬ - মেষ থেকে মীন পর্যন্ত বিস্তারিত ভবিষ্যদ্বাণী
সাপ্তাহিক রাশিফল ৪-১০ জুলাই ২০২৬: মেষ থেকে মীন

জ্যোতিষী চিন্ময় বড়ুয়ার সৌজন্যে এ সপ্তাহের রাশিফল (৪-১০ জুলাই ২০২৬) প্রকাশিত হয়েছে। প্রতিটি রাশির জন্য আলাদা ভবিষ্যদ্বাণী দেওয়া হয়েছে, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে দিকনির্দেশনা দেবে।

মেষ রাশি: পরিবারে স্থিরতা ও মানসিক স্বস্তি

মেষ রাশির জন্য এই সময়ে পরিবার, ঘর ও নিজের ব্যক্তিগত জগতে স্থিরতা ফিরে আসবে। অনেক দিনের অস্থিরতা ধীরে ধীরে কমে যাওয়ায় মানসিক স্বস্তিও পাবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিণত ভাবনা কাজ করবে। তাই ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার জন্য সময়টি অনুকূল। কর্মজীবনে ধীরগতির অগ্রগতি হলেও ভিত্তি শক্ত হবে, যা সামনে বড় সাফল্যের পথ তৈরি করবে। আর্থিকভাবে নিরাপত্তাবোধ বাড়বে। যদিও আয়েশ করতে গিয়ে এবং প্রিয়জনদের জন্য কিছু বাড়তি খরচ হতে পারে। হৃদয়ের দিক থেকেও সময়টি উজ্জ্বল—ভালোবাসা, আনন্দ, সৃজনশীলতা ও ব্যক্তিগত আকর্ষণ সবই বাড়বে। সম্পর্কের উষ্ণতা গভীর হবে, নতুন সংযোগও জীবনে রং যোগ করতে পারে।

বৃষ রাশি: ভাবনা ও যোগাযোগে নতুন গতি

বৃষ রাশির জন্য এই সময় ভাবনা, যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি নিয়ে আসবে। নতুন মানুষের সঙ্গে পরিচয়, মতবিনিময় এবং কথাবার্তার মাধ্যমে ভালো সুযোগ তৈরি হতে পারে। নিজের মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতা বাড়বে, ফলে ব্যক্তিগত ও কর্মজীবন—দুই ক্ষেত্রেই প্রভাব ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। পরিবার ও গৃহসংক্রান্ত বিষয়ে স্বস্তি ও প্রশান্তি বাড়বে, নিজের আশপাশ আরও সুন্দর ও আরামদায়ক করে তোলার আগ্রহও বাড়তে পারে। কর্মক্ষেত্রে বিচক্ষণতা ও বাস্তবসম্মত সিদ্ধান্ত ভালো ফল এনে দেবে। অর্থনৈতিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে। যদিও পরিবারের প্রয়োজন বা আরাম-আয়েশের জন্য কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে। নতুন চিন্তা ও পরিকল্পনা মনে আসবে, অযথা দুশ্চিন্তা না করে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানোই হবে বুদ্ধিমানের কাজ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিথুন রাশি: অর্থ, পরিবার ও আত্মমূল্যবোধ

মিথুন রাশির জন্য সময়টি অর্থ, পরিবার ও আত্মমূল্যবোধের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব নিয়ে আসবে। উপার্জন বৃদ্ধি, অর্থসংগ্রহ এবং আর্থিক নিরাপত্তা গড়ে তোলার বিষয়ে মনোযোগ বাড়বে। নিজের যোগ্যতা ও সামর্থ্য সম্পর্কে আত্মবিশ্বাস আগের তুলনায় অনেক দৃঢ় হবে, যার ফলে সিদ্ধান্ত গ্রহণেও স্থিরতা আসবে। পরিবারে কথাবার্তা ও সম্পর্কের উষ্ণতা বাড়বে, ভুল–বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বাক্‌শক্তি মধুর ও প্রভাবশালী হবে, তাই কথার মাধ্যমে অনেক জটিল পরিস্থিতিও সহজে সামাল দিতে পারবেন। সংক্ষিপ্ত ভ্রমণ, কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো এবং নতুন কিছু শেখার সুযোগও আসতে পারে। তবে কখনো কখনো আবেগের বশে অতিরিক্ত খরচ বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে, তাই সংযম জরুরি।

কর্কট রাশি: জীবনের সব ক্ষেত্রে পরিবর্তন

এ সপ্তাহ কর্কট রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, জীবনের প্রায় সব ক্ষেত্রেই পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দেখা যাবে। আত্মবিশ্বাস, মানসিক শক্তি ও ব্যক্তিত্বের দীপ্তি আগের তুলনায় অনেক বেশি প্রকাশ পাবে। নিজের সিদ্ধান্তে দৃঢ়তা আসবে এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করবে। মানুষ আপনাকে আরও গুরুত্ব দেবে, আপনার উপস্থিতি ও কথার প্রভাবও বাড়বে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে। ফলে কাছের মানুষদের সঙ্গে বন্ধন আরও মজবুত হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নিজের প্রচেষ্টা ও বিচক্ষণতার মাধ্যমে ভালো ফল পেতে পারেন। সৃজনশীলতা, আনন্দ ও জীবনের ছোট ছোট সুখ উপভোগ করার সুযোগ বাড়বে। তবে আবেগপ্রবণ হয়ে তাড়াহুড়ো সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

সিংহ রাশি: ভেতরের পরিবর্তনে মনোযোগ

এই সময় সিংহ রাশির জন্য বাইরের অর্জনের চেয়ে ভেতরের পরিবর্তনকে বেশি গুরুত্ব দেওয়ার। মন গভীর চিন্তা, পুরোনো স্মৃতি ও অদৃশ্য অনুভূতির মধ্য দিয়ে যেতে পারে। ফলে নিজের জীবন ও ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবার প্রবণতা বাড়বে। একান্তে সময় কাটানোর ইচ্ছা বৃদ্ধি পেতে পারে এবং মানসিক শান্তি খোঁজার তাগিদও প্রবল হবে। দীর্ঘদিনের চাপ ও অস্থিরতা ধীরে ধীরে কমে এসে অন্তরে স্বস্তি আনতে পারে। এই সময়ে বিদেশ ভ্রমণ, দূরযাত্রা কিংবা বিদেশসংক্রান্ত কোনো পরিকল্পনা সক্রিয় হওয়ার সম্ভাবনাও প্রবল। কারও কারও জন্য বিদেশে যাওয়ার সুযোগ বা সেই বিষয়ে ইতিবাচক অগ্রগতিও দেখা যেতে পারে। তবে ব্যয়ের দিকটি কিছুটা বেশি সক্রিয় থাকবে—বিশেষ করে ভ্রমণ, আরাম-আয়েশ, পরিবার বা ব্যক্তিগত প্রয়োজনের জন্য খরচ বেড়ে যেতে পারে। তাই অর্থব্যবস্থাপনায় সচেতনতা জরুরি। সম্পর্কের ক্ষেত্রে কোমলতা ও উষ্ণতা বাড়বে, আর ব্যক্তিত্বের আকর্ষণও আগের তুলনায় বেশি প্রকাশ পাবে। নিজেকে আরও স্মার্ট, আকর্ষণীয়ভাবে উপস্থাপনের প্রবণতা বাড়বে। ডায়েট, বডি রি-শেপিং কিংবা অ্যাস্থেটিক পরিবর্তনের জন্য সময়টি অত্যন্ত শুভ।

কন্যা রাশি: ইচ্ছা পূরণ ও আর্থিক লাভ

কন্যা রাশির দীর্ঘদিনের ইচ্ছা, আশা বা পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবরূপ নিতে শুরু করবে। কাঙ্ক্ষিত সাফল্যের দিকে অগ্রগতিও স্পষ্ট হবে। আয়ের নতুন পথ তৈরি হওয়া, আর্থিক লাভ বা বহুদিনের আটকে থাকা প্রাপ্তি হাতে আসার সম্ভাবনা রয়েছে। পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুসম মহলের সহায়তা এই সময়ে বিশেষভাবে উপকারী হতে পারে। একই সঙ্গে ঘর, পরিবার, সম্পত্তি ও মানসিক স্থিতির বিষয়েও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। বাড়ির পরিবেশে স্বস্তি বাড়বে, পরিবারে গুরুত্বপূর্ণ আলোচনা বা ভবিষ্যৎ পরিকল্পনা হতে পারে। জমি, বাড়ি, গাড়ি অথবা স্থায়ী সম্পদ–সংক্রান্ত বিষয়ে শুভ অগ্রগতির সম্ভাবনাও রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্ক বা পারিবারিক বন্ধন আরও উষ্ণ হতে পারে। তবে মাঝেমধ্যে অতিরিক্ত চিন্তা, মানসিক ক্লান্তি বা একাকিত্ব অনুভূত হতে পারে। তাই নিজের ভেতরের শান্তি বজায় রাখা জরুরি। সব মিলিয়ে এই সময় সঠিক পরিকল্পনা, ধৈর্য ও বিচক্ষণতা আপনাকে প্রাপ্তি, স্থিতি ও দীর্ঘমেয়াদি সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তুলা রাশি: কর্মজীবনে সাফল্য ও সামাজিক স্বীকৃতি

তুলা রাশির জন্য সময়টি কর্মজীবন, সম্মান ও সামাজিক অবস্থানের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের পরিশ্রম ধীরে ধীরে দৃশ্যমান ফল দিতে শুরু করবে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করার সুযোগ বাড়বে। ঊর্ধ্বতন ব্যক্তি, কর্তৃপক্ষ বা প্রভাবশালী মানুষের কাছ থেকে সমর্থন ও স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা পদোন্নতি, নতুন কাজ বা দায়িত্ব বৃদ্ধির অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত স্পষ্ট। আয়ের ক্ষেত্রেও শুভ পরিবর্তন দেখা যেতে পারে। পরিচিতজন, বন্ধু বা বৃহত্তর সামাজিক পরিসরের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে। মানুষের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগও এই সময়ে শক্তিশালী হবে, ফলে সহযোগিতা ও সমর্থন পাওয়া সহজ হবে। ভালোবাসা ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও আনন্দ ও স্বস্তি বাড়বে। ইচ্ছাপূরণ, সামাজিক আনন্দ এবং প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ থাকবে। তবে অতিরিক্ত দায়িত্ব বা কাজের চাপ থেকে মানসিক ক্লান্তি আসতে পারে, তাই ভারসাম্য বজায় রাখা জরুরি।

বৃশ্চিক রাশি: জ্ঞান ও আত্ম-উন্নয়নে মনোযোগ

চলতি সপ্তাহে জ্ঞান, শিক্ষা ও আত্ম–উন্নয়নের প্রতি আপনার আকর্ষণ বাড়বে। নতুন কিছু শেখা, উচ্চশিক্ষায় মনোযোগ দেওয়া কিংবা দীর্ঘমেয়াদি কোনো দক্ষতা অর্জনের জন্য সময়টি বিশেষ সহায়ক। যাঁরা পড়াশোনা, গবেষণা বা জ্ঞানভিত্তিক কাজে যুক্ত, তাঁদের জন্য অগ্রগতির সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। বিদেশসংক্রান্ত বিষয়, দূরযাত্রা অথবা দূরের কোনো সুযোগও এই সময়ে বিশেষ গুরুত্ব পেতে পারে। বিদেশে পড়াশোনা, কাজ বা ভ্রমণের পরিকল্পনা থাকলে সেখানে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। অনেকের জন্য এটি নতুন দিগন্ত উন্মোচনের সময়ও হতে পারে। পাশাপাশি ভেতরের জগতেও বড় পরিবর্তন আসতে পারে। মানসিকভাবে গভীর উপলব্ধি, অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পাবে। জীবনের ছোটখাটো বিষয়ের বাইরে গিয়ে বড় চিত্রটি বোঝার প্রবণতা বাড়বে। ভ্রমণও শুধু আনন্দের জন্য নয়, মানসিক প্রশান্তি ও নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে।

ধনু রাশি: গভীর রূপান্তর ও পরিবর্তন

ধনু রাশির জন্য সময়টি গভীর রূপান্তর ও পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। পরিবর্তন শুধু মানসিক বা পারিপার্শ্বিক নয়, শারীরিক দিকেও এর স্পষ্ট প্রভাব পড়তে পারে। নিজের শরীর, স্বাস্থ্য, সাজসজ্জা বা ব্যক্তিত্বে পরিবর্তন আনার প্রবণতা বাড়বে। অনেকের ওজন কমানো-বাড়ানো, স্বাস্থ্যচর্চা শুরু করা, খাদ্যাভ্যাস বদলানো কিংবা নিজের বাহ্যিক উপস্থিতিকে নতুনভাবে গড়ে তোলার ইচ্ছা জোরালো হতে পারে। নিজেকে শক্তিশালী ও আত্মবিশ্বাসী হিসেবে আবিষ্কারের আভাস পাবেন। একই সঙ্গে জীবনের নানা ক্ষেত্রেও ধীরে ধীরে পরিবর্তন দৃশ্যমান হবে। দীর্ঘদিনের অভ্যাস, অপ্রয়োজনীয় সম্পর্ক বা স্থবির পরিস্থিতি থেকে বেরিয়ে আসার তাগিদ বাড়বে। আর্থিকভাবে হঠাৎ লাভ, অপ্রত্যাশিত সুযোগ বা নতুন উৎস থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, যদিও সিদ্ধান্তে সতর্কতা জরুরি। মানসিকভাবেও আপনি আগের তুলনায় অনেক গভীর, সচেতন ও বাস্তববাদী হয়ে উঠবেন।

মকর রাশি: সম্পর্ক ও গভীর আবেগ

সম্পর্ক, গভীর আবেগ, দূরযাত্রা ও জীবনের অদৃশ্য পরিবর্তনের ক্ষেত্রে এই সময় মকর রাশির জন্য বিশেষ তাৎপর্যবহ। ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি হতে পারে। যেখানে বোঝাপড়া ও পারস্পরিক নির্ভরতা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারও কারও জীবনে এমন এক সম্পর্কের সূচনা হতে পারে, যা আপাতত সবার চোখের আড়ালে বা খুব ব্যক্তিগত পরিসরে রাখতে চাইবেন। গোপন আকর্ষণ, নীরব অনুভূতি কিংবা প্রকাশ না পাওয়া আবেগ এই সময়ে প্রবল হতে পারে। বিদেশসংক্রান্ত বিষয়, দূরযাত্রা বা দূরের সুযোগও এই সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিদেশে কাজ, বসবাস বা দীর্ঘদিনের কোনো পরিকল্পনায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। অনেকের জন্য নতুন পরিবেশ বা নতুন দিগন্তের দরজাও খুলতে পারে। অর্থনৈতিকভাবে যৌথ সম্পদ, বিনিয়োগ বা দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয় গুরুত্ব পাবে। একই সঙ্গে জীবনের গভীর স্তরে পরিবর্তন আসবে—পুরোনো ভয়, মানসিক চাপ বা অস্থিরতা ধীরে ধীরে সরে গিয়ে আপনাকে আরও পরিণত ও দৃঢ় করে তুলবে।

কুম্ভ রাশি: দৈনন্দিন জীবন ও ভারসাম্য

এই সময় দৈনন্দিন জীবন, কাজের চাপ, সম্পর্ক ও ভারসাম্যের ওপর বিশেষ প্রভাব ফেলবে। জীবনের ছোট ছোট দায়িত্ব, নিয়মকানুন ও প্রতিদিনের কাজগুলো হঠাৎ করেই বেশি গুরুত্ব পেতে শুরু করবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, কাজের গতি দ্রুত হতে পারে এবং নিজেকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার প্রয়োজন অনুভূত হবে। পরিশ্রম বাড়লেও তার ফলও ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করবে। স্বাস্থ্য ও জীবনযাপনের দিকেও বিশেষ নজর দেওয়া জরুরি। খাদ্যাভ্যাস, বিশ্রাম ও দৈনন্দিন রুটিনে সচেতনতা আনলে বড় উপকার মিলবে। দীর্ঘদিনের অগোছালো অভ্যাস বদলে আরও নিয়ন্ত্রিত জীবনধারার দিকে যাওয়ার সুযোগ তৈরি হবে। সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। ব্যক্তিগত বা পেশাগত সম্পর্ক আরও সক্রিয় হয়ে উঠবে। নতুন সম্পর্কের সূচনা, অংশীদারত্বে অগ্রগতি বা বর্তমান সম্পর্কে উষ্ণতা বাড়তে পারে। যাঁরা সম্পর্কে আছেন, তাঁদের পারস্পরিক বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বাড়বে।

মীন রাশি: নতুন উদ্যম ও আনন্দ

এ সপ্তাহ মীন জাতকদের জন্য যেন জীবনের ক্যানভাসে নতুন রঙের ছোঁয়া নিয়ে আসছে। দীর্ঘদিনের ক্লান্তি, একঘেয়েমি বা মানসিক ভার ধীরে ধীরে সরে গিয়ে হৃদয়ে ফিরতে পারে নতুন উদ্যম, আনন্দ ও প্রাণশক্তি। মন স্বাভাবিকভাবেই ভালোবাসা, সৃজনশীলতা, স্বপ্ন এবং হৃদয়ের গভীর অনুভূতির প্রতি আকৃষ্ট হবে, এসবই তো আপনাকে সত্যিকারের সুখ দেয়। সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা ও কোমলতা বাড়বে। প্রিয়জনের সঙ্গে ভুল–বোঝাবুঝি কমে এসে বোঝাপড়া আরও গভীর হতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারও আগমন অথবা বিশেষ কোনো সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল। যাঁদের সন্তান রয়েছে, তাঁদের জন্যও আনন্দদায়ক খবর বা গর্বের মুহূর্ত আসতে পারে। একই সঙ্গে বাস্তব জীবনের দায়িত্বও উপেক্ষা করা যাবে না। দৈনন্দিন কাজ, কর্মক্ষেত্রের ব্যস্ততা এবং শরীরের যত্ন—সবকিছুতেই ভারসাম্য রক্ষা জরুরি। নিয়মিত জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত বিশ্রাম আপনাকে আরও স্থির ও কর্মক্ষম রাখবে।