ইসলামে তওবা শুধু মুখে উচ্চারণ করলেই হারাম সম্পদ হালাল হয়ে যায় না। তওবার জন্য তিনটি শর্ত পূরণ করা আবশ্যক: পাপ থেকে সম্পূর্ণ বিরত থাকা, অতীত কাজের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। তবে যদি অন্যের হক জড়িত থাকে, তবে সেটি ফেরত দেওয়া ছাড়া তওবা পূর্ণ হয় না।
হারাম সম্পদ থেকে মুক্তির শরয়ী পদ্ধতি
প্রথম শর্ত হলো প্রকৃত মালিককে হক ফিরিয়ে দেওয়া। কুরআনে বলা হয়েছে, 'নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে, তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দেবে' (সুরা আন-নিসা: আয়াত ৫৮)। দ্বিতীয়ত, মালিক খুঁজে না পেলে সেই সম্পদ দান করে দিতে হবে, যা সওয়াবের জন্য নয় বরং আত্মশুদ্ধির জন্য বাধ্যতামূলক। তৃতীয়ত, খাঁটি তওবা ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি। কুরআনে ইরশাদ হয়েছে, 'হে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা কর' (সুরা আত-তাহরিম: আয়াত ৮)।
হালাল উপার্জনের গুরুত্ব ও বরকত
ইসলামে হালাল উপার্জন শুধু জীবিকা নয়, বরং ইমানের অংশ এবং বরকতের উৎস। হাদিসে এসেছে, 'যে ব্যক্তি সম্পদ সঠিকভাবে অর্জন করে এবং সঠিকভাবে ব্যয় করে, এটি তার জন্য উত্তম সাহায্য' (মুসলিম ১০৫২)। আরও বলা হয়েছে, 'হালাল রুজি অনুসন্ধান করা ফরজ' (বায়হাকি ৫৫২) এবং 'কেউ নিজের হাতের পরিশ্রমের উপার্জনের চেয়ে উত্তম খাবার কখনো খায়নি' (বুখারি ২০৭২)।
সুতরাং, হারাম উপার্জন থেকে মুক্তি পেতে শুধু অনুতাপ যথেষ্ট নয়; বরং অন্যের হক ফিরিয়ে দেওয়া, হারাম সম্পদ থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করা এবং হালাল জীবনের দিকে ফিরে আসা আবশ্যক। যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে শুধু ক্ষমাই করেন না, বরং তার জীবনকে বরকত ও প্রশান্তিতে ভরিয়ে দেন।



