৩৭ বছর পর ভাঙল গুঞ্জন, সোনম খানের পরিচালকের সঙ্গে প্রেমের রহস্য ফাঁস
৩৭ বছর পর ভাঙল গুঞ্জন, সোনম খানের প্রেমের রহস্য ফাঁস

বলিউডের আশির দশকের শেষভাগে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘ত্রিদেব’কে ঘিরে বহু বছর ধরেই একটি গুঞ্জন প্রচলিত ছিল। অনেকের মতে, ছবির পরিচালক রাজীব রাইয়ের সঙ্গে সম্পর্কের কারণেই অভিনেত্রী সোনম খান ছবিতে বিশেষ গুরুত্ব পেয়েছিলেন। বিশেষ করে জনপ্রিয় গান ‘ওয়ে ওয়ে’ এবং পর্দায় তার উপস্থিতি নিয়ে নানা আলোচনা হয়েছিল। তবে প্রায় ৩৭ বছর পর সেই ধারণাকে একেবারে ভিত্তিহীন বলে দাবি করলেন সোনম খান।

সামাজিক মাধ্যমে সোনমের সাফাই

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওয়ে ওয়ে’ গানের একটি ভিডিও শেয়ার করে সোনম লেখেন, ‘না, বড় করে বলছি—না। ত্রিদেব-এর শুটিং চলাকালে আমার পরিচালকের সঙ্গে কোনো প্রেম ছিল না।’ সোনম খান জানান, ছবি মুক্তির পর অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিলেন যে পরিচালক রাজীব রায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর সে কারণেই নাকি ছবির অন্য দুই নায়িকার তুলনায় তিনি বেশি সুযোগ পেয়েছিলেন।

শুটিংয়ে সবারই আলাদা সম্পর্ক

সোনমের ভাষায়- অনেকে মনে করতেন, আমি পরিচালকের সঙ্গে প্রেম করছিলাম, তাই বেশি স্ক্রিন টাইম পেয়েছি কিংবা ‘ওয়ে ওয়ে’ –এর মতো সুপারহিট গান আমার ভাগ্যে জুটেছে। তবে তিনি জানান, বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তার দাবি, ‘ত্রিদেব’-এর শুটিংয়ের সময় রাজীব রায়ের জীবনে অন্য একজন নারী ছিলেন। একই সময়ে সোনমও একটি সম্পর্কে ছিলেন। সোনম বলেন, রাজীব সেটে তার প্রেমিকাকে নিয়ে আসতেন। আর আমার প্রেমিকও শুটিং লোকেশনের কাছাকাছি থাকত। আমরা দুজনই তখন অন্য সম্পর্কে ছিলাম। অর্থাৎ, শুটিং চলাকালে তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্কই ছিল না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথমে রাজীব চাননি সোনমকে

সোনমের দাবি, রাজীব রায় শুরুতে তাকে ‘ত্রিদেব’-এ নিতে আগ্রহী ছিলেন না; বরং অন্য এক অভিনেত্রীকে প্রায় চূড়ান্তও করে ফেলেছিলেন। প্রযোজক-পরিচালক যশ চোপড়া তাকে অন্য একটি ছবির ফুটেজ দেখানোর পর রাজীব তার অভিনয়ে খুব একটা মুগ্ধ হননি। সোনম লেখেন, রাজীব আমাকে খুব একটা পছন্দ করেননি। অন্য একজন অভিনেত্রীকে নেওয়ার সিদ্ধান্তও প্রায় হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত বিকল্প না থাকায় আমাকে নেওয়া হয়।

ছবি মুক্তির পর প্রেম, তারপর বিয়ে

সোনম স্পষ্ট করে বলেন, ‘ত্রিদেব’ নির্মাণের সময় কোনো সম্পর্ক না থাকলেও ছবি মুক্তির পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন দুজনই অবিবাহিত ছিলেন এবং কারও কাছে কোনো জবাবদিহির প্রয়োজন ছিল না। সোনম বলেন, ছবি মুক্তির পর আমরা সম্পর্কে জড়াই। তার আগে কোনো গোপন প্রেম, ফোনকল বা পরিচালকের বিশেষ সুবিধা—কিছুই ছিল না। ‘ত্রিদেব’-এর সাফল্যের পর সোনম ও রাজীব রায়ের সম্পর্ক আরও গভীর হয়। ১৯৯১ সালে তারা বিয়ে করেন। বিয়ের পর অভিনয়জগৎ থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নেন সোনম। সংসার ও সন্তানকে সময় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। দম্পতির এক পুত্রসন্তান রয়েছে, যিনি অটিজমে আক্রান্ত। ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাস করেছেন তারা।

বিচ্ছেদের পথে

তবে দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০০১ সালে আলাদা হয়ে যান রাজীব ও সোনম। প্রায় ১৫ বছর আলাদা থাকার পর ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস