নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ভালোবাসা এমনই ছিল যে, সাহাবায়ে কেরাম তাঁর প্রতিটি আমলকে ভালোবাসতেন এবং তাতে অনুপ্রাণিত হতেন। নবীজি (সা.) যখনই কোনো আমল করতেন, সাহাবিরা সেই আমলের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করতেন। শারীরিক সুস্থতা লাভের জন্যও নবীজি (সা.) সকাল ও সন্ধ্যায় একটি বিশেষ দোয়া পড়তেন, যা সাহাবিরা ভালোবেসে আমল করতেন।
দোয়াটি আরবি, উচ্চারণ ও অর্থ
নিম্নে দোয়াটি আরবি, উচ্চারণ ও অর্থসহ উপস্থাপন করা হলো—
আরবি: اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আংতা।’
অর্থ: ‘হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো ইলাহ নেই।’
হাদিসের বর্ণনা
আবু দাউদ শরিফে বর্ণিত হাদিসে এসেছে—আব্দুর রাহমান ইবনু আবূ বকর (রহ.) বলেন, আমি আমার পিতাকে (আবূ বকর রাদিয়াল্লাহু আনহু) বললাম, ‘হে আব্বাজান! আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি— اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ’
তিনি (আবূ বকর) বললেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে এ বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি। সেজন্য আমিও তাঁর নিয়ম অনুসরণ করতে ভালোবাসি।’ (আবু দাউদ: ৫০৯০)
সুতরাং, শারীরিক সুস্থতা কামনায় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি পড়া সুন্নত। এটি আমাদের শরীর, শ্রবণ ও দৃষ্টিশক্তির জন্য বিশেষ কল্যাণ বয়ে আনে।



