১৬ বছর পর সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান
১৬ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান

প্রায় ১৬ বছর পর আবার সম্প্রচার শুরু করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ান। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে দ্বিতীয় দফায় এর সম্প্রচার শুরু হবে।

সংবাদ সম্মেলনে ঘোষণা

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুন। এ সময় অতিথিদের নিয়ে কেক কাটেন তিনি।

গিয়াস উদ্দিন আল মামুন বলেন, সংবাদের দলনিরপেক্ষতা ও নৈতিক অবস্থানের কারণেই চ্যানেল ওয়ান একসময় দ্রুত দর্শকপ্রিয়তা পেয়েছিল। আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদের প্রতিশ্রুতি থাকছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, ২০১০ সালে চ্যানেলটি বন্ধ হওয়ার পেছনে তৎকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত কাজ করেছিল। ১৬ বছরের অন্ধকার দূর করে আমরা ফিরে আসছি।

সম্প্রচার সময়সূচি

তিনি আরও জানান, ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে পুনরায় বাণিজ্যিক সম্প্রচার শুরু হবে। আগে এটি মিশ্রধর্মী চ্যানেল থাকলেও এবার ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে পরিচালিত হবে।

গণমাধ্যমের ভূমিকা

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা শুরু থেকেই সেই নীতিতে অটল ছিলাম। সে কারণে অনেক মন্ত্রী-এমপির বিরাগভাজনও হতে হয়েছিল।

তিনি জানান, নতুন ও পুরোনোর সমন্বয়ে চ্যানেলটি সাজানো হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মেও নতুনত্ব আনা হচ্ছে।

আইনি প্রক্রিয়া

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বন্ধ থাকা চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই বলে রায় দেন আদালত। এ বিষয়ে করা আপিল আবেদনের ওপর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যেভাবে বন্ধ হয়েছিল

২০১০ সালের ২৭ এপ্রিল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয় তৎকালীন সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ফ্রিকোয়েন্সি বরাদ্দ স্থগিত করলে চ্যানেল কর্তৃপক্ষ হাইকোর্টে আবেদন করে, তবে তা খারিজ হয়ে যায়।

সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমতি ছাড়া সম্প্রচার যন্ত্রপাতি বিক্রির অভিযোগে চ্যানেলটি বন্ধ করা হয়।

পুনরায় চালুর প্রক্রিয়া

চ্যানেল ওয়ান ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের মালিকানাধীন। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন তিনি। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘ কারাভোগ শেষে সম্প্রতি মুক্তি পান।

মুক্তির পর তিনি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন। পরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি শেষে সম্প্রচারের পথ উন্মুক্ত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চ্যানেল ওয়ানের চেয়ারম্যান মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাকের আহমেদ, পরিচালক মারুফ সাত্তার আলী, এম এইচ সেলিম, নাজমুল আশরাফ, সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জু, আমিন আল রশিদসহ অনেকে।