আনন্দ মেলায় নিশো-পরীমনি, গানে রুনা লায়লা
আনন্দ মেলায় নিশো-পরীমনি, গানে রুনা লায়লা

নতুন আঙ্গিক, বর্ণিল মঞ্চসজ্জা আর একঝাঁক জনপ্রিয় তারকাকে নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের আনন্দ মেলা। বিটিভিতে ঈদের দিন রাত ১০টার খবরের পর এটি প্রচারিত হবে। গীতিকার কবির বকুলের পরিকল্পনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

রুনা লায়লার বিশেষ পরিবেশনা

আয়োজকেরা জানিয়েছেন, এবারের অন্যতম আকর্ষণ উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। বিশেষ কোরিওগ্রাফিতে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে তাঁকে নতুনভাবে দেখা যাবে। অন্যদিকে আশা ভোসলের স্মরণে ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’ গাইবেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। পরিবেশনাটিতে নাচে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী ও শাওন।

ফেরদৌস ওয়াহিদ ও অন্যান্য শিল্পী

আরও থাকছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। ‘এমন একটা মা দে না’ গানটি তিনি নতুন করে গেয়েছেন। নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে হাজির হচ্ছেন ন্যান্‌সি ও ইমরান মাহমুদুল। গানটির কথা লিখেছেন কবির বকুল। ‘রূপনগরের রাজকন্যা’ গানের তালে নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। আর ‘দূর দ্বীপবাসিনী’ গানে একসঙ্গে নাচবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। নৃত্য পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার ও নৃত্যভূমি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরীমনি ও কুইজ শো

দর্শক অংশগ্রহণে ‘রঙ’ শিরোনামের একটি বিশেষ পর্বে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা পরীমনি। পাশাপাশি কয়েকজন জনপ্রিয় তারকাকে নিয়ে থাকবে একটি কুইজ শো। এতে অংশ নিয়েছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাশার।

কৌতুক ও নাট্য পরিবেশনা

একটি বিশেষ পারফরম্যান্স নিয়ে হাজির হবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া। ‘অ-মানুষ’ শিরোনামের একটি বিশেষ স্টেজ পারফরম্যান্সে থাকছেন অভিনেতা সুমন এবং কৌতুকশিল্পী শাওন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আয়োজকদের প্রত্যাশা

আয়োজকদের আশা, গান, নৃত্য, কৌতুক, কুইজ ও তারকাদের ভিন্নধর্মী উপস্থাপনা দিয়ে সাজানো এবারের আনন্দ মেলা ঈদের টেলিভিশন আয়োজনে দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।