ঈদুল আজহায় বিটিভিতে ‘আনন্দমেলা’র বর্ণিল আয়োজন
ঈদুল আজহায় বিটিভিতে ‘আনন্দমেলা’র বর্ণিল আয়োজন

ঈদুল আজহা উপলক্ষে নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বিটিভির বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। একঝাঁক জনপ্রিয় তারকার অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন আফরান নিশো।

বিশেষ সংগীত পরিবেশনা

বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে নতুনভাবে হাজির হয়েছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। অন্যদিকে ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’ গান পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এই গানের কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী ও শাওন। অনুষ্ঠানে আরও থাকছেন ফেরদৌস ওয়াহিদ।

এ ছাড়া নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে হাজির হচ্ছেন ন্যান্সি ও ইমরান। গানটির গীতিকার কবির বকুল এবং সংগীতায়োজনে রয়েছেন ইমরান মাহমুদুল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নৃত্য ও বৈচিত্র্য

অনুষ্ঠানের নৃত্য পরিবেশনাতেও থাকছে বৈচিত্র্য। ‘রূপনগরের রাজকন্যা’ সাজে নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। আর ‘দূর দ্বীপবাসিনী’ গানে নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। নৃত্য পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ ও নৃত্যভূমি।

দর্শক অংশগ্রহণ ও কুইজ

দর্শক অংশগ্রহণে ‘রঙ’ শিরোনামের একটি বিশেষ পর্বে উপস্থিত থাকবেন পরীমনি। এছাড়া কয়েকজন তারকাকে নিয়ে থাকছে একটি কুইজ শো। এতে অংশ নিয়েছেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান এবং খায়রুল বাশার। একটি বিশেষ পরিবেশনা নিয়ে হাজির হবেন কৌতুকশিল্পী আবু হেনা রনি।

অভিনয় ও স্টেজ পারফরম্যান্স

অনুষ্ঠানে আরও অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া। ‘অ-মানুষ’ শিরোনামের একটি বিশেষ স্টেজ পারফরম্যান্সে থাকছেন অভিনেতা সুমন এবং কৌতুকশিল্পী শাওন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গান, নৃত্য, কৌতুক, কুইজ ও বিশেষ পরিবেশনায় সাজানো এবারের ‘আনন্দমেলা’ এই ঈদে দর্শকদের জন্য বাড়তি বিনোদনের আয়োজন হয়ে উঠবে। আনন্দমেলা প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।