ফেরারির নতুন বৈদ্যুতিক গাড়ি ‘লুচে’ বাজারে এসেছে ব্যাপক আলোচনা ও বিতর্কের মধ্য দিয়ে। ইতালীয় এই সুপারকার ব্র্যান্ডের ইতিহাসে এটি প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি), যার নকশা করেছেন আইফোনের কিংবদন্তি ডিজাইনার স্যার জনি আইভ। গাড়িটির উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা ও পোপ লিও, যা এর গুরুত্ব বোঝায়। তবে বাজারে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম, বিনিয়োগকারী ও রাজনীতিকদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছে লুচে।
শেয়ার দরপতন ও ব্যঙ্গচিত্র
গাড়িটি উন্মোচনের পরদিনই ফেরারির শেয়ারের দাম ৮ শতাংশ কমে যায়। ৬ লাখ ৪০ হাজার ডলার মূল্যের এই পাঁচ আসনের গাড়ি নিয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে অসংখ্য ব্যঙ্গচিত্র ও কৌতুক। ইতালীয় ভাষায় ‘লুচে’ শব্দের অর্থ ‘আলো’ হলেও, সমালোচকরা একে ‘লুজার’ (পরাজিত) বলে আখ্যা দিচ্ছেন। ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা করদেরো দি মন্তেজেমোলো বলেন, ‘লুচে মডেলের কারণে কিংবদন্তি কোম্পানি ফেরারির ধ্বংস হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।’ তিনি গাড়িটি থেকে ফেরারির ঐতিহ্যবাহী লোগো সরিয়ে ফেলারও পরামর্শ দেন।
নকশা ও পরিচয় সংকট
ফেরারি তাদের গর্জন তোলা পেট্রলচালিত সুপারকারের জন্য পরিচিত। কিন্তু লুচের নকশা প্রচলিত মডেলের মতো আক্রমণাত্মক নয়, এবং বৈদ্যুতিক মোটরে নেই ফেরারির পরিচিত ইঞ্জিনের গর্জন। ইতালির উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি বলেন, ‘এটাই কি উদ্ভাবন? এনজো ফেরারি বেঁচে থাকলে কী বলতেন, তা-ই ভাবছি।’ অস্ট্রেলিয়াভিত্তিক বিলাসবহুল গাড়ি ব্যবসায়ী শন বেকার বিবিসিকে বলেন, ‘ফেরারি ছিল এমন এক ব্র্যান্ড, মানুষ একসময় যা কেনার স্বপ্ন দেখত, কিন্তু লুচে তাদের সেই ভাবমূর্তিতে আঘাত হেনেছে।’
প্রতিযোগিতা ও বাজার বাস্তবতা
বৈশ্বিক গাড়িশিল্পে চীনা কোম্পানিগুলোর তীব্র প্রতিযোগিতার মুখে পশ্চিমা ব্র্যান্ডগুলো চাপে আছে। ফেরারি দীর্ঘদিন বিদ্যুতায়নে অনীহ থাকলেও এখন কৌশলগত পরিবর্তন এনেছে। লুচে মাত্র আড়াই সেকেন্ডে ঘণ্টায় ৯৬ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০৫ কিলোমিটারের বেশি। তবে সমালোচকরা একে কম দামের চীনা ইভির সঙ্গে তুলনা করছেন। ফেরারির প্রধান নির্বাহী বেনেদেত্তো ভিনিয়া এসব তুলনা নাকচ করে বলেন, ‘উদ্ভাবনের মূল্য হিসেবে এই দাম যৌক্তিক।’
অন্য ব্র্যান্ডের পুনর্বিবেচনা
ফেরারি যখন ইভি বাজারে প্রবেশ করছে, তখন প্রতিদ্বন্দ্বী ল্যাম্বারগিনি দুর্বল চাহিদার কারণে তাদের ইভি প্রকল্প বাতিল করেছে। পোর্শে, হোন্ডা ও ফোর্ডও ইভি কর্মসূচি সীমিত করছে। অন্যদিকে চীনে বিওয়াইডির ইয়াংওয়াং ইউ ৯-এর মতো উচ্চমূল্যের ইভি প্রতিযোগিতা বাড়াচ্ছে। জেমস ওয়ংয়ের মতে, লুচে নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে পারে, তবে ফেরারির বিশ্বস্ত গ্রাহকদের কাছে এটি কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।



