সিনেমাপ্রেমীদের কাছে আইএমডিবি একটি জনপ্রিয় অনলাইন ডেটাবেজ, যেখানে যেকোনো সিনেমা বা সিরিজ সম্পর্কে মুহূর্তেই ধারণা পাওয়া যায়। এই ডেটাবেজের ভিত্তিতে তৈরি হয় সপ্তাহের সেরা সিনেমা ও সিরিজের তালিকা, যা দর্শকদের আগ্রহের প্রতিফলন ঘটায়। সম্প্রতি প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছে একটি জনপ্রিয় সিরিজ। আসুন জেনে নেওয়া যাক শীর্ষ পাঁচটি সিনেমা ও সিরিজ সম্পর্কে।
১. দ্য বয়েজ
সুপারহিরোদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারকে কেন্দ্র করে নির্মিত সিরিজ ‘দ্য বয়েজ’ বাস্তবধর্মী অন্ধকার গল্প, রাজনৈতিক ব্যঙ্গ ও অ্যাকশনধর্মী উপস্থাপনার কারণে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আইএমডিবিতে সিরিজটির রেটিং ৮.৬। এপ্রিলে মুক্তি পাওয়া সিরিজটি এখনো দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে এবং এটি প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।
২. অফ ক্যাম্পাস
রোমান্টিক ড্রামা সিরিজ ‘অফ ক্যাম্পাস’ কলেজজীবনের বন্ধুত্ব, প্রেম ও আত্ম-অনুসন্ধানের গল্প নিয়ে নির্মিত। তরুণ দর্শকদের মধ্যে সিরিজটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। এটি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইমে ১৩ মে মুক্তি পায় এবং এর রেটিং ৮.২।
৩. ডাটন র্যাঞ্চ
পারিবারিক সংকট, ক্ষমতার দ্বন্দ্ব ও টিকে থাকার লড়াই নিয়ে এগিয়েছে ‘ডাটন র্যাঞ্চ’-এর গল্প। পারিবারিক নাটক ও ওয়েস্টার্ন ঘরানার মিশেলে সিরিজটি দর্শকদের নজর কাড়ছে। গত ১৫ মে এটি ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ড প্লাসে মুক্তি পেয়েছে এবং সিরিজটির রেটিং ৮.৫।
৪. অবসেশন
দর্শকদের এই পছন্দের তালিকায় ৪ নম্বরে রয়েছে সিনেমা ‘অবসেশন’। রোমান্টিক সম্পর্কের অন্ধকার দিক ও প্রতিশোধের গল্প নিয়ে তৈরি এই মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা রহস্যময় আবহ ও টান টান উত্তেজনার কারণে আলোচনায় রয়েছে। সিনেমার রেটিং ৮.২ এবং ১৫ মে এটি বিশ্বজুড়ে মুক্তি পায়।
৫. মাইকেল
এ বছরের আলোচিত সিনেমার একটি ‘মাইকেল’। পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের শুরুর অধ্যায় নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে সংগীতজীবনের উত্থান ও তারকা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটি বিশ্বজুড়ে আলোচনা তৈরি করেছে এবং সংগীতপ্রেমীদের মধ্যে এটি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে। সিনেমাটি বিশ্বজুড়ে ২৪ এপ্রিল মুক্তি পায়।



