বেঙ্গালুরুতে যৌন হয়রানির শিকার অভিনেত্রী দিব্যা সুরেশ
বেঙ্গালুরুতে যৌন হয়রানির শিকার দিব্যা সুরেশ

কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ও ‘বিগ বস কন্নড়-৮’ খ্যাত তারকা দিব্যা সুরেশ বেঙ্গালুরুর রাস্তায় গভীর রাতে ভয়াবহ যৌন হয়রানির শিকার হয়েছেন।

ঘটনার বিবরণ

রোববার (২৮ জুন) রাতে ঘটে যাওয়া এই ঘটনার বিস্তারিত বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ৩৩ বছর বয়সি এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান, রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে তিনি তার এক কাজিনের সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের পিছু নেয় এবং অত্যন্ত অশালীন অঙ্গভঙ্গি করতে শুরু করে।

দিব্যা লিখেছেন, ‘আমরা বিষয়টি খেয়াল করা মাত্রই তাকে চিৎকার করে বাধা দিই। কিন্তু সে থামেনি। আমরা গাড়িতে উঠে বসা পর্যন্ত সে অনবরত এই কাজ করে যাচ্ছিল।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘কেবল রাতে হাঁটার কারণে কোনো নারীকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।’ বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘আমাদের যে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা কোথায়?’

ঘটনার একটি ভিডিও ক্লিপেও দেখা যায়, দিব্যা ঘটনার ভিডিও করছেন এবং তার কাজিন সেই ব্যক্তির দিকে আঙুল তুলে অশালীন আচরণের বিষয়টি দেখাচ্ছেন। গাড়ি চালু করার পরও ওই ব্যক্তি তাদের পিছু নিয়েছিল বলে জানান তিনি।

কে এই দিব্যা সুরেশ?

২০১৭ সালে ‘মিস ইন্ডিয়া সাউথ’ খেতাব জেতার পর একই বছর ‘#৯, হিলটন ক্রস’ সিনেমা দিয়ে পর্দায় পা রাখেন মডেল ও অভিনেত্রী দিব্যা সুরেশ। পরবর্তীতে ‘রোডি বেবি’, ‘হিরণ্যা’-র মতো কন্নড় সিনেমায় অভিনয় করেন তিনি। তবে ২০২১ সালে কালার্স কন্নড়-এর জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস কন্নড় সিজন ৮’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।

সূত্র: এনডিটিভি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ