দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর শুটিং রেঞ্জে ফিরে তাক লাগিয়ে দিয়েছেন কামরুন্নাহার কলি। দেশের অন্যতম সেরা এই শুটার জাতীয় প্রতিযোগিতায় একটি স্বর্ণ ও একটি রুপা পদক জিতেছেন।
অবশেষে ফিরলেন শুটিংয়ে
সামাজিক যোগাযোগমাধ্যমে কলি জানান, ‘দীর্ঘ ৮ মাস প্র্যাকটিসের বাইরে রাখা হয়েছিল। ক্যাম্প করতে দেওয়া হয়নি, ঠিকমতো প্র্যাকটিস করার সুযোগটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। পথটা মোটেও সহজ ছিল না। কিন্তু একটা দীর্ঘ যুদ্ধের পর, খুবই অল্প সময়ের প্রস্তুতিতে মাঠে নেমেছিলাম। কারণ আমি বিশ্বাস করি, লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার চেয়ে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা অনেক বেশি গৌরবের। কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি, আর এটাই আমার সবচেয়ে বড় শক্তি।’
পদক জয়ের অনুভূতি
কলি আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ! সব বাধা পেরিয়ে আবারও চেনা ট্র্যাকে ফিরে আসা এবং ন্যাশনাল কম্পিটিশন থেকে একটি গোল্ড ও একটি সিলভার মেডেল অর্জন করা! যারা এই কঠিন সময়ে আমার পাশে ছিলেন, আমাকে বিশ্বাস করেছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই জয় শুধু মেডেলের নয়, এই জয় আত্মবিশ্বাসের!’
নিষেধাজ্ঞার পটভূমি
কামরুন্নাহার কলি দীর্ঘদিন ধরে বাংলাদেশ শুটিং ফেডারেশনের নিষেধাজ্ঞার শিকার ছিলেন। তবে তিনি কখনোই নিজের অবস্থান থেকে সরে আসেননি। বরং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেই তিনি সাফল্য অর্জন করেছেন। তার এই জয় অনেকের জন্যই অনুপ্রেরণা হয়ে থাকবে।



