হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন
হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম গ্রহণ (23.06.2026)

জনপ্রিয় মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল–শেখ। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে তুর্কি আল-শেখ জানান, সৌদি আরবে একটি সিনেমার শুটিং চলাকালে এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে তিনি একটি মসজিদে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজও আদায় করেন। তুর্কি আল-শেখ এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। এর পর থেকেই নতুন করে আলোচনায় এই অভিনেতা।

কে এই জিয়ানকার্লো এসপোসিতো

৬৭ বছর বয়সী জিয়ানকার্লো এসপোসিতোর জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে। তাঁর বাবা ইতালীয় বংশোদ্ভূত এবং মা ছিলেন আফ্রিকান-আমেরিকান অপেরা শিল্পী। শৈশবেই পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে আসেন। মাত্র আট বছর বয়সে ব্রডওয়েতে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয়জীবনের শুরু। মাত্র আট বছর বয়সে ব্রডওয়ের ‘ম্যাগি ফ্লিন’ মিউজিক্যালে অভিনয়ের মাধ্যমে এসপোসিতোর যাত্রা শুরু। পরে তিনি বিখ্যাত নির্মাতা স্পাইক লির ‘ডু দ্য রাইট থিং’, ‘স্কুল ডেজ’, ‘মো বেটার ব্লুজ’ ‘ম্যালকম এক্স’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেন।

‘ব্রেকিং ব্যাড’ থেকে বিশ্ব পরিচিতি

তবে এসপোসিতোকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয় ‘ব্রেকিং ব্যাড’। সেখানে তিনি গাস ফ্রিঞ্জের চরিত্রে অভিনয় করেন—একজন ভদ্র, শান্ত স্বভাবের রেস্তোরাঁমালিক, যিনি গোপনে পরিচালনা করেন বিশাল মাদকসাম্রাজ্য। টেলিভিশনের ইতিহাসে অন্যতম সেরা খলচরিত্র হিসেবে গাস বিবেচনা করা হয়। পরবর্তী সময়ে তিনি একই চরিত্রে অভিনয় করেন ‘বেটার কল সল’ সিরিজেও। এ ছাড়া তিনি ‘দ্য ম্যানডালোরিয়ান’, ‘দ্য বয়েজ’সহ অনেক জনপ্রিয় প্রকল্পে অভিনয় করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্যাথলিক পরিবার থেকে ইসলামের পথে

এসপোসিতো আগে ক্যাথলিক ধর্মাবলম্বী ছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি আধ্যাত্মিকতা ও ধর্ম নিয়ে আগ্রহের কথা বলেছেন। এমনকি একসময় পুরোহিত হওয়ার কথাও ভেবেছিলেন বলে জানা যায়। সৌদি আরবে অবস্থানকালে মুসলিম সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা, স্থানীয় সংস্কৃতি ও মানুষের আতিথেয়তার অভিজ্ঞতা তাঁর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন।

সংগ্রাম থেকে সাফল্য

আজকের সফলতার আড়ালে রয়েছে কঠিন সংগ্রামের গল্প। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে এসপোসিতো জানিয়েছিলেন, আর্থিক সংকট ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি জীবনের সবচেয়ে অন্ধকার সময়ের মধ্য দিয়ে গেছেন। ‘ব্রেকিং ব্যাড’-এ সুযোগ পাওয়ার আগপর্যন্ত তাঁর জীবন ছিল অনিশ্চয়তায় ভরা। পরে সেই সিরিজই তাঁর ক্যারিয়ার বদলে দেয়।