বলিউড সুপারস্টার আমির খানের ভাই ফয়জল খান অবশেষে নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ২০২৫ সাল থেকে তিনি দাদা আমির ও পরিবারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনে আলোচনায় ছিলেন। তবে চলতি মাসে আমিরের তৃতীয় বিয়ের প্রাক্কালে ফয়জল জানান, তার সব অভিযোগ ভুল ছিল এবং তিনি পরিবারের কাছে ফিরতে চান।
পরিবারের বিরুদ্ধে ফয়জলের পূর্বের অভিযোগ
২০২৫ সালের আগস্ট মাসে এক সংবাদ সম্মেলনে ফয়জল খান ঘোষণা করেন, তিনি পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন। তখন তিনি দাবি করেন, আমির খান তাকে 'স্কিৎজোফ্রেনিয়া' রোগী ও মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়ে এক বছর ঘরবন্দি করে রেখেছিলেন। ফয়জলের মতে, তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল, বাড়ির বাইরে পা রাখার অনুমতি ছিল না, এবং দেহরক্ষীরা তাকে নানা ওষুধ খাওয়াতেন।
এছাড়া ফয়জল আমিরের বিবাহবহির্ভূত সম্পর্ক ও অবৈধ সন্তানের কথাও বলেন। তবে আমিরের পরিবার তখন পালটা বিবৃতিতে ফয়জলের দাবিকে 'ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও কষ্টদায়ক' বলে উড়িয়ে দেয়। আমির খান নিজেও মন্তব্য করেন, 'এটা আমার ভাগ্য, আমাকে মেনে নিতে হবে।'
এক বছর পর ভুল বুঝতে পেরে ক্ষমাপ্রার্থনা
প্রায় এক বছর পর ফয়জল খান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'আমি আমার পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী। সবার প্রথমে আমার মা, তারপর দিদি নিখাত ও আমিরের কাছে ক্ষমা চাইছি। রাগে-দুঃখে প্রকাশ্যে অনেক খারাপ মন্তব্য করেছি, যা বলা উচিত ছিল না।'
তিনি আরও বলেন, 'আমার উচিত ছিল পরিবারের সঙ্গে বসে আলোচনা করা। কিন্তু এখন আমি কারও কাছ থেকে ব্যাখ্যা চাই না। শুধু পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক হোক, এটুকুই চাই। কুরআন পড়ার পর আমার চিন্তাধারা বদলে গেছে।'
আমির খানের তৃতীয় বিয়ে প্রসঙ্গ
উল্লেখ্য, চলতি মাসেই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান। তিনি গৌরী স্প্র্যাটের সঙ্গে সই-স্বাক্ষরের মাধ্যমে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন। পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে এই অনুষ্ঠান হবে।



