তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বিজয়ের বড় ঘোষণা
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বিজয়ের বড় ঘোষণা

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই বড় পরিবর্তনের ঘোষণা দিলেন অভিনেতা থেকে রাজনীতিকে বনে যাওয়া সি জোসেফ বিজয়। রোববার (১০ মে) দায়িত্ব গ্রহণ করেই তিনটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক ও নিরাপত্তা সংক্রান্ত ফাইলে সই করেন তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) প্রধান। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

শপথের পরপরই ঘোষণা

শপথ গ্রহণের পরেই রাজ্যের সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় বা বিনামূল্যে প্রদান করার ঘোষণা দিয়েছেন বিজয়। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন করার কথাও উল্লেখ করেন এই অভিনেতা।

আবেগঘন ভাষণ

জানা যায়, এদিন শপথ গ্রহণ শেষে উপস্থিত বিশাল জনসমুদ্রের উদ্দেশে এক আবেগঘন ভাষণ দেন বিজয়। বরাবরের মতো তার বিখ্যাত সেই তামিল সম্বোধন ‘এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম’ (আমার হৃদয়ে যারা বাস করো) দিয়ে বক্তব্য শুরু করেন তিনি। এই শব্দবন্ধটি তিনি সিনেমার ক্যারিয়ারের শুরু থেকেই ভক্তদের সম্বোধন করতে ব্যবহার করে আসছেন। আজ রাজনৈতিক মঞ্চেও সেই একই ভাষায় মানুষের মন জয়ের চেষ্টা করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্বাচনী ফলাফল ও সরকার গঠন

এর আগে, গত মাসের বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয়লাভ করে বিজয়ের দল। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে গত চারদিন তুমুল রাজনৈতিক নাটকীয়তা চলে। এই সময়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে চার দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হন এই নেতা।

উল্লেখ্য, শপথগ্রহণের পর আগামী বুধবারের (১৩ মে) মধ্যে তাকে বিধানসভায় নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ