গ্ল্যামার জগতের ঝকঝকে পর্দার আড়ালে লুকিয়ে রয়েছে অনেক অন্ধকার গল্প। সম্প্রতি শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর নিজের জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। জীবনের এক ভয়াবহ ট্রমার পর নিজেকে সামলাতে না পেরে কীভাবে মদ্যপানের নেশায় ডুবেছিলেন তিনি, সেই সত্যই এখন চর্চার কেন্দ্রে।
ট্রমা ও মদ্যপানের শুরু
সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের মানসিক যন্ত্রণার কথা অকপটে স্বীকার করেন অভিনেত্রী। জাহ্নবী জানান, সেই সময়টা তার জন্য একেবারেই স্বাভাবিক ছিল না। কোনও এক গোপন ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই নেশার আশ্রয় নেন।
জাহ্নবীর কথায়, “আমি বলব না যে আমার আসক্তি তৈরি হয়েছিল বা আমি মদের অপব্যবহার করছিলাম, কিন্তু আমি ঘন ঘন মদ্যপান করতে শুরু করেছিলাম। মনের ভেতর একটা জেদ চেপে বসেছিল যে- আমায় নেশা করতেই হবে।”
নিজেকে সামলানোর প্রচেষ্টা
তবে এই অভ্যাস খুব বেশিদিন স্থায়ী হয়নি। জাহ্নবী বুঝতে পারেন যে তিনি ভুল পথে হাঁটছেন। অভিনেত্রী লক্ষ্য করেন, মদ্যপানের ফলে তার শরীর খারাপ হতে শুরু করেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে ‘হ্যাংওভার’ হতো, তাতে বেশ সমস্যা হত অভিনেত্রীর। ধীরে ধীরে নিজেই নিজেকে নেশা মুক্ত করেন অভিনেত্রী।
ক্যারিয়ারে ফিরে আসা
ব্যক্তিগত জীবনের এই চড়াই-উতরাই পেরিয়ে জাহ্নবী এখন ক্যারিয়ারে মনোযোগী। গত বছর বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। এবার তিনি পা রাখতে চলেছেন দক্ষিণী ছবিতে। মেগাস্টার রাম চরণের বিপরীতে ‘পেড্ডি’ ছবিতে দেখা যাবে তাকে। বারবার মুক্তির তারিখ বদলানোর পর শেষ পর্যন্ত ২০২৬ সালের ৬ জুন বড় পর্দায় আসছে এই ছবি। ট্রমা বা অবসাদ কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর এই গল্প শুনে খুশি অভিনেত্রীর ভক্তরা।



