কারিনা কায়সারকে ছাড়া প্রথম ঈদ, বাবার আবেগঘন পোস্ট
কারিনা কায়সারকে ছাড়া প্রথম ঈদ, বাবার পোস্ট

আজ বিকেলে পারিবারিক অ্যালবামের একটি ছবি পোস্ট করেছেন সাবেক ফুটবলার কায়সার হামিদ। ছবিতে দেখা যাচ্ছে, তিনি তার মেয়ে কারিনা কায়সারকে কোলে নিয়ে আছেন। গত ১৫ মে মারা গেছেন অভিনেত্রী, চিত্রনাট্যকার ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। তার বাবা কায়সার হামিদ মাঝেমধ্যেই মেয়েকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট করেন। তবে আজ মঙ্গলবার বিকেলে দেওয়া তার পোস্টটির বিশেষ কারণ, এবারই প্রথম আদরের মেয়েকে ছাড়া ঈদ উদযাপন করবেন তিনি।

বাবার আবেগঘন পোস্ট

একটি পারিবারিক ছবি পোস্ট করে কায়সার হামিদ লিখেছেন, ‘ঈদ এলো আনন্দের বার্তা নিয়ে। কিন্তু এই ঈদ আমার কাছে নিরানন্দ আর বিষাদময়। মাঝখানের লাল পরীটা হঠাৎ আকাশে উড়ে চলে গেছে, কারিনাকে ছাড়া এই প্রথম ঈদ উৎসব। মেয়েটা আমাদের আনন্দ করতে, আনন্দে থাকতে, মানুষকে আনন্দে রাখতে পছন্দ করতো। অথচ সেই কিনা আমাদের মাঝে নেই।’

পোস্টের শেষে কায়সার হামিদ আরও লিখেছেন, ‘মনে যতই কষ্ট থাক, তবুও ধর্মীয় আচার–অনুষ্ঠান, সামাজিকতা, এগুলো তো পালন করতেই হবে। আমার রাজকন্যা তুমি আমাদের সাথেই আছ, পাশেই আছ। তোমাকে জানাই ঈদ মোবারক।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগের পোস্টেও শেয়ার করেছেন স্মৃতি

এর আগে মেয়েকে নিয়ে লেখা আরেকটি ফেসবুক পোস্টে কায়সার হামিদ লিখেছিলেন, ‘বড় মেয়েটা আমার। এত তাড়াতাড়ি এভাবে চলে যাবে, ভাবতেও পারিনি। অনেক চেষ্টা করেছি। কিন্তু এই কষ্টটা কাকে বোঝাব? প্রতিদিন যেন বুকের ওপর একটা পাথর নিয়ে বেঁচে আছি। কিছুই ভালো লাগে না। বারবার মনে হয়, এই বুঝি কারিনা “বাবা” বলে ডাকবে। কিন্তু পরক্ষণেই মনে পড়ে, কারিনা তো আর নেই। সে অনন্তের পথে পাড়ি দিয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেয়ের স্মৃতি মনে করে ফেসবুক পেজে একটি পুরোনো ছবি পোস্ট করে কথাগুলো লিখেছিলেন কায়সার হামিদ। ছবিতে দেখা যায়, মাত্র তিন মাস বয়সী কারিনা বাবার কোলে। বনানীর ডিওএইচএসের বাসা থেকে সেই ছবি তুলে দিয়েছিলেন কারিনার মা লোপা কায়সার। ছবিটির দিকে তাকিয়ে যেন ফিরে যাচ্ছিলেন তিন দশকের বেশি সময় আগের দিনে। স্মৃতিচারণা করে তিনি জানান, ১৯৯৩ সালের ১১ নভেম্বর জন্ম হয়েছিল তার মেয়ের। এ বছরের নভেম্বরে ৩৩ পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই চলে গেলেন কারিনা।