ভারতীয় ক্রিকেট তারকা জশপ্রীত বুমরাকে ভুল করে ফুটবলার বলে ফেলেন দক্ষিণ ভারতীয় অভিনেতা রামচরণ। সম্প্রতি ভোপালে রামচরণের নতুন ছবি 'পেডি'র অডিও প্রকাশনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর, সঙ্গীত পরিচালক এ আর রাহমানসহ ছবির অন্যান্য সদস্যরা।
গণমাধ্যমকর্মীরা রামচরণকে ভারতের কয়েকজন ক্রিকেটারকে এক কথায় বর্ণনা করতে বলেন। তিনি শচীন টেন্ডুলকারকে 'দীর্ঘ কিংবদন্তি যাত্রা', এম এস ধোনিকে 'কুল' এবং বিরাট কোহলিকে 'আগুন' বলে অভিহিত করেন। কিন্তু বুমরার নাম আসতেই তিনি গুলিয়ে ফেলেন এবং ভুলবশত তাঁকে 'ফুটবলার' বলে বসেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের বন্যা শুরু হয়।
ক্ষমা প্রার্থনা
সমালোচনা বাড়তে থাকলে রামচরণ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে ক্ষমা চান। তিনি লেখেন, 'উফ! আমি সত্যিই মাঝে মাঝে নাম ভুলে যাই। জশপ্রীত বুমরার কাছে এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। এত উত্তেজনা আর ভিড়ের মধ্যে এটি সম্পূর্ণ অসাবধানতাবশত ভুল ছিল।' শুধু ক্ষমাই নয়, বুমরার প্রতি নিজের শ্রদ্ধার কথাও উল্লেখ করেন রামচরণ। জানান, ভারতীয় এই পেসারের খেলার বড় ভক্ত তিনি।
বুমরার বর্তমান ফর্ম
এদিকে আইপিএলের চলতি মৌসুমে বুমরার ফর্ম নিয়েও আলোচনা চলছে। মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনা জানিয়েছেন, টি-টুয়েন্টি বিশ্বকাপের সময় পাওয়া একটি চোটের প্রভাব এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বুমরা। বিশ্বকাপের পর বুমরাকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হলেও চোটের কারণে আগের ধারা কিছুটা হারিয়েছেন এই পেসার। চলতি আইপিএলে ১৩ ম্যাচে তাঁর শিকার মাত্র ৪ উইকেট।
'পেডি' সিনেমা
রামচরণের নতুন সিনেমা 'পেডি' বুচি বাবা সানা পরিচালিত একটি গ্রামীণ পটভূমির স্পোর্টস-অ্যাকশন ড্রামা। গল্পে খেলাধুলা, গ্রামীণ রাজনীতি, আবেগ, পরিবার ও সংগ্রামের বিষয় উঠে আসবে। বিভিন্ন সূত্র বলছে, সিনেমাটিতে কুস্তি ও ক্রিকেট—দুই ধরনের খেলাধুলার উপাদান রয়েছে। ছবিতে রামচরণের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। রামচরণকে লম্বা চুল, ঘন দাড়ি ও গ্রামীণ চরিত্রের রাগী চেহারায় দেখা যাবে, যা ইতিমধ্যে ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন অস্কারজয়ী এ আর রাহমান। ইতিমধ্যে ছবির গান ও মিউজিক লঞ্চ ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ভোপালে সম্প্রতি বড় আয়োজনের মাধ্যমে ছবির একটি বিশেষ গান প্রকাশ করা হয়। সিনেমাটির বাজেট প্রায় ৩০০ কোটি রুপি, যা এটিকে রামচরণের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবিগুলোর একটিতে পরিণত করেছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।



