তিন বিয়ের পেছনে জীবনের ১৭ বছর নষ্ট: মীরা ভাসুদেভান
তিন বিয়ের পেছনে ১৭ বছর নষ্ট: মীরা

মালয়ালম অভিনেত্রী মীরা ভাসুদেভান তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। সম্প্রতি ধন্যা বর্মাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার জীবনের ১৭টি গুরুত্বপূর্ণ বছর তিনি তিনটি ব্যর্থ বিয়ের পেছনে নষ্ট করেছেন। এই তিন বিয়ে তার জীবনকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনটি বিয়ে ও বিচ্ছেদ

মীরা ভাসুদেভান প্রথম বিয়ে করেন ২০০৫ সালে। মালয়ালাম চিত্রগ্রাহক অশোক কুমারের ছেলে বিশাল আগারওয়ালের সঙ্গে। তবে এই সম্পর্ক বেশি দিন টেকেনি এবং ২০১০ সালের জুলাইয়ে তাদের বিচ্ছেদ হয়। দ্বিতীয় বিয়ে করেন ২০১২ সালে মালয়ালাম অভিনেতা জন কোক্কেনকে। এই দম্পতির একটি ছেলেসন্তান রয়েছে, কিন্তু ২০১৬ সালে তাদেরও সম্পর্কের ইতি ঘটে। তৃতীয় বিয়ে করেন ২০২৪ সালের মে মাসে চিত্রগ্রাহক ভিপিন পুথিয়ানকমের সঙ্গে, কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি; ২০২৫ সালের আগস্টে তাদের বিচ্ছেদ হয়।

ক্যারিয়ার ও পরিচিতি

২০০৩ সালে ‘রুলস: পেয়ার কা সুপারহিট ফরমুল’ সিনেমায় মিলিন্দ সুমনের বিপরীতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান মীরা ভাসুদেভান। পরে মালয়ালাম সিনেমায় নিজের আলাদা জায়গা তৈরি করেন। ‘উরুভান’, ‘একানথাম’, ‘কুট্টামামা’, ‘থাক্কল’-এর মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন। বিশেষ করে ‘থানমাথরা’ সিনেমায় মোহনলালের সঙ্গে তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা

নিজের ব্যর্থ সম্পর্ক নিয়ে মীরা ভাসুদেভান বলেন, তিনি প্রায়ই তার ছেলেকে বলেন যে তিনি জীবনের ১৭টি বছর তিনটি বাজে বিয়েতে নষ্ট করেছেন। তিনি মনে করেন, সেই সময় তিনি সিনেমা, ফিটনেস বা নিজের জন্য একটি ভালো সামাজিক পরিমণ্ডল গড়ে তোলার দিকে মন দিতে পারতেন। বাবা, মা ও বোনের সঙ্গেও বেশি সময় কাটাতে পারতেন, কিন্তু অন্যদের জন্য সময় নষ্ট করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এর আগেও একাধিকবার নিজের ব্যর্থ দাম্পত্য জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন মীরা। মুভি ওয়ার্ল্ড মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি আগেই মেনে নিয়েছিলেন যে এসব ঘটনা তার জীবনে ঘটবে। তিনি বলেন, তিনি ভুল করেছেন এবং সেটা লুকানোর কিছু নেই। বর্তমানে তিনি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত এবং জীবনে খুব সুখী। এখন তিনি জীবনের খুব সুন্দর একটি পর্যায়ে আছেন।