হাসপাতালে ক্ষোভের পর ফটো সাংবাদিকদের কাছে সালমান খানের ক্ষমা গ্রহণ
হাসপাতালে ক্ষোভের পর সালমানের কাছে ক্ষমা চাইলেন পাপারাজ্জি

মুম্বাইয়ের একটি হাসপাতালে ফটো সাংবাদিকদের অযাচিত প্রশ্নের মুখে পড়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে ঘটনার একদিন পরেই সেই ক্ষোভ ভুলে পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে তাদের ক্ষমা করে দিয়েছেন ‘ভাইজান’।

ঘটনার সূত্রপাত

মঙ্গলবার (১৯ মে) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে ঘনিষ্ঠ একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সালমান খান। তিনি হাসপাতাল থেকে বের হওয়া মাত্রই ফটো সাংবাদিকরা তার নাম ধরে চিৎকার করতে থাকেন এবং তার আগামী সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। হাসপাতালে এই ধরনের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় চরম বিরক্ত হন সালমান।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

পরবর্তীতে ইনস্টাগ্রামে একের পর এক পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। একটি পোস্টে এই অভিনেতা লেখেন, ‘তারা যদি আমার ক্ষতি বা দুঃখকে পুঁজি করে টাকা কামাতে চায়... তবে চুপ থাকুন। আনন্দ উদযাপন করবেন না। ভাই ভাই ভাই করে ‘মাতৃভূমি’ সিনেমার বারোটা বাজাচ্ছেন! সিনেমা বেশি গুরুত্বপূর্ণ নাকি জীবন?’ আরেকটি পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘এমন শত ক্যামেরা আমি ভেঙে গুঁড়িয়ে দিতে পারি। ভাইয়ের কষ্টের দিনে এরপর থেকে আমার সঙ্গে এমন করার চেষ্টা করে দেখো... শুধু একবার চেষ্টা করেই দেখো। তোমাদের কেউ যখন হাসপাতালে থাকবে, আমি কি তখন এমন আচরণ করব?’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিজের লড়াকু মানসিকতার কথা মনে করিয়ে দিয়ে চিরাচরিত ‘ভাইজান’ সুলভ ভঙ্গিতে তিনি আরও যোগ করেন, ‘ষাট বছর বয়স হয়েছে, কিন্তু লড়াই করা ভুলে যাইনি—এটা মনে রেখো। জেলে পুরবে? হা হা হা...’

পরদিনই ক্ষমা প্রার্থনা

এই ঘটনার ঠিক পরদিন (বুধবার রাতে) মারাঠি সিনেমা ‘রাজা শিবাজী’-র সফলতার উদযাপন অনুষ্ঠানে যোগ দেন সালমান। এই ছবিতে তিনি একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। অনুষ্ঠানস্থলের বাইরে সালমানের গাড়ি এসে থামতেই সেখানে উপস্থিত ফটো সাংবাদিকরা সমস্বরে চেঁচিয়ে বলতে থাকেন, ‘কালকের জন্য দুঃখিত, ভাই।’ কেউ কেউ আবার বলেন, ‘লাভ ইউ, ভাই।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাপারাজ্জিদের এমন প্রতিক্রিয়া দেখে স্বভাবসুলভ ভঙ্গিতে সালমান বলেন, ‘এই জায়গাটা ঠিক আছে’। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গার তুলনায় সিনেমার অনুষ্ঠান যে এই ধরনের প্রশ্ন বা ছবি তোলার জন্য উপযুক্ত স্থান, তিনি মূলত সেটিই বুঝিয়েছেন।

মজার ছলচাতুরি

সেখানেই শেষ নয়, ‘রাজা শিবাজী’ সিনেমার প্রধান অভিনেতা ও পরিচালক রিতেশ দেশমুখকে পাশে নিয়ে সালমান রসিকতা করে পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, ‘আরও জোরে বলো—সরি’। সালমানের এমন কাণ্ড দেখে পাশে থাকা রিতেশও হাসিতে ফেটে পড়েন।

সূত্র: এনডিটিভি