অবশেষে দাম্পত্য বিচ্ছেদের কথা স্বীকার করেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায় এবং তার স্বামী সুরজ নাম্বিয়ার। যৌথ বিবৃতিতে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানিয়েছেন তারা। এই খবরের মধ্যেই মৌনী রায়ের একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে তিনি সম্পর্ক ও বিবাহ নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছিলেন।
সঠিক মানুষের সন্ধানে
সহ-অভিনেতা নবীন কস্তুরিয়ার সঙ্গে আলাপকালে মৌনী বলেন, ‘আমি ১৯ বছর বয়সেই বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছিলাম। মনে হতো, একজন সঠিক মানুষ পাশে থাকলে জীবনে নিরাপত্তা ও ভিন্ন অনুভূতি আসে।’ তিনি আরও জানান, বাস্তবে সেই সঠিক মানুষ খুঁজে পাওয়া মোটেও সহজ নয়। তার অনেক বন্ধু এখনও অবিবাহিত, তাদের অভিজ্ঞতা দেখে তিনি বুঝেছিলেন, সম্পর্কের ক্ষেত্রে সময় ও ধৈর্য খুব গুরুত্বপূর্ণ।
অপেক্ষার গুরুত্ব
অভিনেত্রীর কথায়, ‘সঠিক মানুষকে খুঁজে পেতে প্রায় আড়াই থেকে তিন বছর অপেক্ষা করতে হয়েছিল। যখন মানুষ খোঁজা বন্ধ করে দেয়, তখনই হয়তো জীবনের সঠিক মানুষ এসে যায়।’ এই মন্তব্যগুলো বর্তমান প্রেক্ষাপটে নতুন করে আলোচিত হচ্ছে।
প্রেম থেকে বিচ্ছেদ
প্রসঙ্গত, ২০১৮ সালে দুবাইয়ে প্রথম দেখা হয়েছিল মৌনি রায় এবং ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার। নিজেদের সংস্কৃতিকে সম্মান জানাতে ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় ঐতিহ্যবাহী মালায়ালি ও বাঙালি রীতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি মাসে তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়, যা পরে তারা নিশ্চিত করেন।
মৌনী রায়ের এই সাক্ষাৎকারটি আবারও প্রমাণ করে যে, সম্পর্কের ক্ষেত্রে সঠিক মানুষ খোঁজা এবং ধৈর্য ধরা কতটা জরুরি। তবে তার নিজের জীবনের ঘটনা দেখায়, সব পরিকল্পনা সফল হয় না।



