১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সেট থেকেই বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের যাত্রা শুরু। ২০০২ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। তারপর আর কখনো একসঙ্গে কাজ করেননি তারা।
বিচ্ছেদের পর ঐশ্বরিয়ার মানসিক অবস্থা
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী সাদিয়া সিদ্দিকী জানান, ২০০২ সালে সালমানের সঙ্গে বিচ্ছেদের পরও ঐশ্বরিয়া নিজের ব্যক্তিগত জীবনের প্রভাব কাজের ওপর পড়তে দেননি। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘শব্দ’ সিনেমার শুটিংয়ের সময় ঐশ্বরিয়া কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, কিন্তু পুরোপুরি পেশাদারিত্ব বজায় রেখেছিলেন।
সাদিয়া সিদ্দিকীর বক্তব্য
সাদিয়া সিদ্দিকী বলেন, ‘ঐশ্বরিয়া সব সংলাপ ভালোভাবে জানতেন, চিত্রনাট্য ভালো করে পড়েছিলেন এবং পেশাদারভাবেই কাজ করতেন। আমার মনে হয় না, তিনি কখনো নিজের ব্যক্তিগত জীবনের প্রভাব কাজের ওপর পড়তে দিয়েছিলেন।’ সাদিয়া আরও বলেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে আমার কোনো দৃশ্য ছিল না, তাই ওকে খুব কাছ থেকে জানার সুযোগ হয়নি। তবে যতটা দেখেছি, তিনি নিজের ব্যক্তিগত বিষয়গুলো খুব ভালোভাবে লুকিয়ে রেখেছিলেন এবং সবসময় সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে সেটে আসতেন।’



