বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল প্রতীক্ষিত ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন শুক্রবার (৩ জুলাই) এফডিসি প্রাঙ্গণে শুরু হয়েছে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও সাড়ে ৯টা থেকে ভোট কাউন্ট শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।
৫৭৩ ভোটারের উপস্থিতিতে উৎসবমুখর এফডিসি
এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকেই ভোটার, প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।
দুই প্যানেলের মধ্যে মূল লড়াই
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলের নেতৃত্বে আছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্যদিকে, আরমান ও রুমানা ইসলাম মুক্তি গড়েছেন আরেকটি শক্তিশালী প্যানেল।
শিবা সানু-জয় চৌধুরীর প্যানেল
এই প্যানেলে সহ-সভাপতি পদে লড়ছেন রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ নির্বাচন করছেন।
আরমান-মুক্তির প্যানেল
অন্যদিকে, এই প্যানেলে সহ-সভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৭ প্রার্থী ১১ কার্যনির্বাহী সদস্য পদে
১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন ও প্রার্থীদের তালিকা
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনে তার সঙ্গে আরও যুক্ত আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।
উল্লেখ্য, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদেই শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেননি।



