জবি প্রশাসনের দ্বিচারিতার অভিযোগে জকসু ক্রীড়া সম্পাদকের পদত্যাগ
জবি প্রশাসনের দ্বিচারিতার অভিযোগে জকসু ক্রীড়া সম্পাদকের পদত্যাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম। সোমবার (৪ মে) বিকালে তিনি জকসু ভিপি রিয়াজুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে ভিপি জানিয়েছেন, পদত্যাগপত্র গৃহীত হয়নি।

ফেসবুকে ক্ষোভ প্রকাশ

রাত ১১টায় ফেসবুকে দেওয়া এক পোস্টে নাঈম অভিযোগ করেন, তাকে হেনস্তার দায়ে অভিযুক্ত ছাত্রদল প্যানেলের হল সংসদ প্রার্থী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করা হলেও তাকে বিভাগের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, 'গত কয়েকদিন আগে আমার সঙ্গে যে ঘটনা ঘটে তার কারণে মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় দিন পার হচ্ছিল। গতকাল তাকে সাময়িক বহিষ্কার করা হলো, তবে আজকে আমরা দেখলাম তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। হয়তো আমাদেরকে আই ওয়াশ করানোর জন্যই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।'

ভাইভা পরীক্ষায় অংশ নেলী

জানা গেছে, অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলী জবি আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সোমবার তার তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ভাইভা পরীক্ষা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, নেলী ভাইভায় অংশ নিতে বিভাগে আসেন এবং অ্যাটেনডেন্স শিটে স্বাক্ষর করেন। পরে জকসু নেতৃবৃন্দ গিয়ে অভিযোগ জানান। সবার ভাইভা শেষে নেলীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের ব্যাখ্যা

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিন বলেন, 'আমি সাংবাদিকদের থেকে শুনছি যে, সে পরীক্ষা দিয়েছে। তবে অস্থায়ী বহিষ্কার হলে পরীক্ষা দেওয়াতে বাধা নেই। যদি তদন্ত সাপেক্ষে সে স্থায়ীভাবে বহিষ্কার হয়, তবে তার সবগুলো পরীক্ষা বাতিল হয়ে যাবে।' আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ক্রিস্টিন রিচার্ডসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের ঘটনা

উল্লেখ্য, গত বুধবার (২৯ এপ্রিল) ক্যারাম খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ৮ম ইনডোর গেমসের তৃতীয় দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় দেন জকসুর হল সংসদের ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী সাদিয়া সুলতানা নেলী। পরে ফেসবুক পোস্টে থাপ্পড় দেওয়ার কথা স্বীকার করে তিনি আবারও ক্রীড়া সম্পাদককে হুমকি দেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেলীকে সাময়িক বহিষ্কার করে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

নাঈম তার পদত্যাগপত্র ভিপির মাধ্যমে উপাচার্যের কাছে পাঠানোর কথা জানিয়ে বলেন, 'এই ঘটনার বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।'