অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে’ শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবার নারায়ণগঞ্জের খামারে নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত
আজ বুধবার (২৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।
মহিষটির পরিচিতি ও বিক্রি
নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর সাদা লোম ও চুলের ধরন অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
এর আগে সোমবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহিষটিকে ক্রেতার কাছে হস্তান্তর করে রাবেয়া এগ্রো ফার্ম। লাল গালিচা, রঙিন স্মোক ও বিশেষ সাজে ‘রাজকীয় বিদায়’ দেওয়া হয় মহিষটিকে। পরে রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির সেটিকে ঢাকায় নিয়ে যান।
বিক্রির মূল্য ও ওজন
খামার কর্তৃপক্ষ জানিয়েছিল, লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটি বিক্রি করা হয়। চার বছর বয়সী এই মহিষটির ওজন ছিল প্রায় ৬৯০ কেজি।
ভাইরাল হওয়ার পর প্রতিক্রিয়া
ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করেন। দেশের গণমাধ্যমের পাশাপাশি রয়টার্স, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর ও গালফ নিউজসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।



