তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। গত শুক্রবার পারিবারিক আয়োজনে তাঁর আংটিবদল হয়েছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন এই গায়ক। আংটিবদলের সিদ্ধান্তটি যে পরিকল্পিত ছিল না, সেটিও জানিয়েছেন তিনি।
হুট করে সিদ্ধান্ত
প্রথম আলোকে গতকাল শনিবার সন্ধ্যায় শেখ সাদী বলেন, ‘আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু–আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁরা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তাঁরা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাঁদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তাঁর সঙ্গে আমার আংটিবদল হয়েছে।’
হবু স্ত্রীর পরিচয়
পরিবার সূত্রে জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। শুক্রবার ঢাকার শাহজাদপুরে কনের বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আংটিবদল অনুষ্ঠান হয়েছে।
সংগীত ও অভিনয়ে যাত্রা
সংগীতাঙ্গনে শেখ সাদীর শুরুটা কয়েক বছর আগে। ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তাঁর একাধিক গান তরুণ শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। নিজের আলাদা একটা শ্রোতাগোষ্ঠীও তৈরি করেছেন। বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাঁর গাওয়া বেশ কয়েকটা গান কোটি কোটিবার শোনা হয়েছে। বিশেষ করে সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি গান শেখ সাদীকে দেশের অন্যতম জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত করে তোলে।
‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসা তরুণ এই সংগীতশিল্পীকে মাঝে অভিনয়েও পাওয়া গেছে। ‘শহরের নতুন অতিথি’ নামের এই নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি। গানে সাফল্যের পর থেকেই বিভিন্ন সময় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সাদী। চার বছর আগে দেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘সংশয়’ নামের একটি সিনেমায় অভিনয়ের সুযোগও আসে তাঁর কাছে। সেই ছবির শুটিং এক দিন করেও শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেন তিনি।
অভিনয় থেকে সরে আসার কারণ
কারণ হিসেবে সাদী তখন উপলব্ধি করেছিলেন, অভিনয় শুধু আগ্রহের জায়গা নয়, এটি যথেষ্ট পরিশ্রম ও প্রস্তুতির বিষয়। প্রস্তুতি ও অভিজ্ঞতা ছাড়া বড় পর্দায় আসা ঠিক হবে না—এই ভাবনা থেকেই তিনি অভিনয় থেকে সরে দাঁড়িয়ে পুরো মনোযোগ দেন গানে।
সাদী জানান, নতুন বেশ কয়েকটি গান তৈরি আছে। কাজ চলছে আরও কয়েকটি গানের। সামনে নতুন গান প্রকাশিত হবে।



