বাবার ছায়া: বাবা দিবসে দোলার আবেগঘন মিউজিক ভিডিও
বাবার ছায়া: বাবা দিবসে দোলার নতুন মিউজিক ভিডিও

বিশ্ব বাবা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী আছিয়া ইসলাম দোলার নতুন মিউজিক ভিডিও ‘বাবার ছায়া’। বাবা হারানোর ব্যক্তিগত বেদনা ও স্মৃতিকে কেন্দ্র করে নির্মিত গানটির কথা লিখেছেন গীতিকার তারেক আনন্দ, আর সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। গানটি মুক্তি পেয়েছে দোলার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আছিয়া ইসলাম দোলা’ থেকে।

বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা

দুই বছর আগে বাবাকে হারানোর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি তৈরি করেছেন দোলা। এ প্রসঙ্গে তিনি বলেন, “তারেক আনন্দ ভাইয়ের সঙ্গে বাবার অনেক স্মৃতি নিয়ে কথা বলতাম। একপর্যায়ে উনাকে বাবাকে নিয়ে একটি গান লেখার অনুরোধ করি। প্রথমে তিনি বিষয়টিকে কঠিন বললেও, আমার ও আমার বাবার জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হয়ে পরদিনই চমৎকার এই লিরিকটি পাঠান। গানটি মূলত আমার জীবনের এক প্রামাণ্য চিত্র।”

আবেগঘন বার্তা ও শেষ ফোনালাপ

দোলা জানান, গানটির মিউজিক ভিডিওতে শুধু স্মৃতিচারণ নয়, দর্শকদের জন্য একটি আবেগঘন বার্তাও রাখা হয়েছে। যাদের বাবা এখনও জীবিত আছেন, তাদের উদ্দেশে ভিডিওর শেষে বিশেষ বার্তা যুক্ত করা হয়েছে। পাশাপাশি বাবার সঙ্গে তার শেষ ফোনালাপের অডিওও স্মৃতি হিসেবে সংযোজন করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুরকার ও গীতিকারের প্রতিক্রিয়া

গানটির সুরকার কিশোর দাস বলেন, “বাবাকে নিয়ে গানটির কথাগুলো ভীষণ সুন্দর। দোলা তার সর্বোচ্চ দিয়ে গেয়েছে। কথার সঙ্গে মিলিয়ে একটি হৃদয়স্পর্শী সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করেছি। আশা করি, যারা বাবা হারিয়েছেন, গানটি তাদের মন ছুঁয়ে যাবে।”

গীতিকার তারেক আনন্দের ভাষ্য, বাবা হারানো সন্তানের হৃদয়ের শূন্যতা, না বলা অনুভূতি এবং গভীর ভালোবাসার প্রকাশ ঘটানোর চেষ্টা থেকেই গানটি লেখা হয়েছে।

ব্যক্তিগত স্মৃতি, আবেগ আর বাবার প্রতি অমলিন ভালোবাসার মিশেলে তৈরি ‘বাবার ছায়া’ বাবা দিবসে অনেকের হৃদয়ে নাড়া দেবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ