তারকাবিশ্বকাপের ইউএসএ উদ্বোধনে চোখ ধাঁধালেন লিসা, কেটি, টায়লা আর খেলা দেখলেন বিল গেটস, ট্রুডো, টম ক্রুজ। বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্ব হয়ে গেল আজ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে। এখানে পারফর্ম করে চোখ ধাঁধিয়েছেন ব্ল্যাক পিংকের লিসা, ল্যাটিনা গায়িকা আনিতা, মার্কিন পপ তারকা কেটি পেরি, টায়লার মতো তারকারা। এদিকে প্রথম ম্যাচে প্যারাগুয়েকে হারানোর উত্তেজনাময় মুহূর্তগুলো উপভোগ করেছেন গ্যালারি থেকে টেক বিলিয়নিয়ার বিল গেটস, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, হলিউড তারকা টম ক্রুজ, ব্র্যাড পিট আর ফুটবল লিজেন্ড ডেভিড বেকহ্যামসহ আরও অনেকে। চলুন দেখে আসি এই অনুষ্ঠানের কিছু ঝলক।
পারফরম্যান্সের ঝলক
সাদা শর্টস, টপ আর নি হাই বুটস পরে ইতিহাসের প্রথম থাই শিল্পী হিসেবে ব্ল্যাকপিংকের লিসা পারফর্ম করলেন বিশ্বকাপে। সঙ্গে সাদা কাট আউট কস্টিউমে সেট মাতিয়েছেন ব্রাজিলের পপ তারকা আনিতা। নাইজেরিয়ান র্যাপার রেমা ছিলেন এই দুই সুন্দরীকে সঙ্গত দিতে, পরেছেন সাদা হুডি, টিশার্ট, প্যান্ট আর সোনালি গয়না।
শুরুতেই এসেছিলেন সিকুইনের রূপালি-লাল কালার ব্লকিং জ্যাকেট পরা মার্কিন র্যাপার ফিউচার আর মার্কিন পতাকার স্টার দেওয়া সাদা-নীল ক্রপড টপ আর লো রাইজ ফ্লেয়ার প্যান্ট পরা টায়লা। সিলভার ফ্রিঞ্জ ড্রেসে থাই স্লিট লুক এসেছে কেটি পেরির। খালি পায়েই এসেছেন তিনি। নিজের হিট গান ওয়ান্ডার গাইতে গিয়ে তিনি এক হৃদয়গ্রাহী মুহূর্তে কোলে নেন তাঁর সঙ্গে ডুয়েটে অংশ নেওয়া নরওয়ের দশ বছর বয়সী গায়ক টিউস লুকাকে।
গ্যালারির তারকা অতিথি
এদিকে গ্যালারিতে বসে থাকতে দেখা যায় টেক বিলিয়নিয়ার বিল গেটসকে। গার্লফ্রেন্ড কেটির পারফরম্যান্স আর খেলা দেখেছেন জাস্টিন ট্রুডো। ব্লন্ড চুল আর মার্কিন গ্ল্যাফ থিমের টিশার্টে এসেছেন প্যারিস হিলটন। গ্যালারির শোভা বাড়িয়েছেন ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম। বেকহ্যামের সঙ্গেই ছিলেন টম ক্রুজ।



