চরকি ও হইচইতে নতুন সিনেমা ও সিরিজ, নেটফ্লিক্সে দান্তে
চরকি ও হইচইতে নতুন সিনেমা ও সিরিজ, নেটফ্লিক্সে দান্তে

চলতি সপ্তাহে একাধিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ও সিরিজ। এর মধ্যে চরকিতে এসেছে ‘লাইফলাইন’, হইচইতে ‘হেডলাইন’, নেটফ্লিক্সে ‘ইন দ্য হ্যান্ড অব দান্তে’, অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘গ্রাম চিকিৎসালয় ২’ এবং জিওহটস্টারে ‘হাউস অব ড্রাগন–৩’।

চরকি অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’

কাজী আসাদের পরিচালনায় ‘লাইফলাইন’ সিনেমাটি চরকিতে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত ও ফাতেমাতুজ জোহরা ইভা।

সিনেমাটির গল্পে দেখা যায়, ভালোবাসার টানে মানুষ কত দূর যায় এবং কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে। শহুরে মেয়ে অনন্যার দুর্গম যাত্রা এবং তার শেষ কোথায়—এমন প্রশ্ন নিয়েই নির্মিত হয়েছে ‘লাইফলাইন’। এটি ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্টস চরকি অরিজিনাল ফিল্ম এবং পাওয়ার্ড বাই নোরিক্স।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হইচইয়ের সিরিজ ‘হেডলাইন’

সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের লড়াই এবং এর আড়ালে থাকা ব্যক্তিগত ও পারিবারিক সংকটের গল্প নিয়ে নির্মিত ‘হেডলাইন’ সিরিজটি গতকাল হইচইতে মুক্তি পেয়েছে। পরিচালক সালেহ সোবহান অনীম জানান, “এটি মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের গল্পের আড়ালে লুকিয়ে থাকা একটি পারিবারিক গল্প।”

সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, আফসান আরা বিন্দু, ইয়াশ রোহান, ফারহানা হামিদ ও শ্যামল মাওলা।

নেটফ্লিক্সে ‘ইন দ্য হ্যান্ড অব দান্তে’

জুলিয়ান স্নবেলের পরিচালনায় ‘ইন দ্য হ্যান্ড অব দান্তে’ সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ১৪ শতকের ইতালিতে দ্য ডিভাইন কমেডি রচনায় ব্যস্ত কবি দান্তে। দান্তের মহাকাব্যটির কথিত মূল পাণ্ডুলিপি আধুনিক আমেরিকায় মাফিয়া চক্রের হাতে এসে পড়ে; আর সেই পাণ্ডুলিপির অথেনটিসিটি যাচাই করতে গিয়ে জড়িয়ে পড়েন লেখক নিক টসচেস। শুরু হয় অপরাধ, হত্যা, ষড়যন্ত্র ও আধ্যাত্মিক অনুসন্ধানের গল্প।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত বছর ভেনিস উৎসবে প্রিমিয়ার হওয়া সিনেমাটিতে দান্তে ও নিক টসচেসের চরিত্রে অভিনয় করেছেন অস্কার আইজ্যাক। আরও আছেন গাল গ্যাদত ও জেরার্ড বাটলার।

অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘গ্রাম চিকিৎসালয় ২’

গ্রামীণ ভারতের স্বাস্থ্যব্যবস্থার সংকট, আমলাতান্ত্রিক জটিলতা ও সাধারণ মানুষের জীবনকে হাস্যরস ও আবেগের মিশেলে তুলে ধরেছে ‘গ্রাম চিকিৎসালয়’ সিরিজটির দ্বিতীয় মৌসুম। তরুণ ও আদর্শবাদী চিকিৎসক প্রভাত সিনহা শহরের আরামদায়ক জীবন ছেড়ে একটি প্রত্যন্ত গ্রামের প্রায় অচল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেন। সেখানে গিয়ে তিনি দেখেন, গ্রামের মানুষ সরকারি হাসপাতালের চেয়ে স্থানীয় হাতুড়ে চিকিৎসকের ওপর বেশি আস্থা রাখে। এরপর শুরু হয় মানুষের বিশ্বাস অর্জন এবং স্বাস্থ্যকেন্দ্রকে সচল করার সংগ্রাম।

দীপক কুমার মিশ্র ও অরুণাভ কুমারের সিরিজটিতে অভিনয় করেছেন অমল পরাশর, আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর ও আকাশ মাখিজা।

জিওহটস্টারে ‘হাউস অব ড্রাগন–৩’

আলোচিত ‘গেম অব থ্রোনস’–এর প্রিকুয়েল সিরিজ ‘হাউস অব ড্রাগন’–এর তৃতীয় কিস্তি এসেছে জিওহটস্টারে। আট পর্বের নতুন মৌসুমের প্রথম পর্ব মুক্তি পেয়েছে ২১ জুন, দ্বিতীয়টি আসছে ২৮ জুন। ধারাবাহিকভাবে বাকি ছয় পর্ব মুক্তি পাবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। রায়ান কনডালের সিরিজটিতে অভিনয় করেছেন ম্যাট স্মিথ, অলিভিয়া কুক ও প্যাডি কনসিডাইন।