প্রাপ্তবয়স্ক সনদ নিয়ে বিতর্কের পর মুক্তি পাওয়া ‘ককটেল ২’ সিনেমার বক্স অফিস কালেকশন গতিশীলতা হারিয়েছে। মুক্তির ১৮তম দিনে ছবিটির ভারতীয় নেট আয় দাঁড়িয়েছে ৯২ কোটি ৯৫ লাখ রুপি। তবে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করতে এখনো ব্যর্থ হয়েছে ছবিটি।
তৃতীয় সপ্তাহের সোমবারে আয় কমেছে ৬৮ শতাংশ
স্যাকনিলকের তথ্য অনুযায়ী, সোমবার (মুক্তির ১৮তম দিন) ছবিটি ভারতে নেট আয় করেছে মাত্র ৪০ লাখ রুপি। আগের দিন রোববার আয় ছিল ১ কোটি ২৫ লাখ রুপি। ফলে এক দিনের ব্যবধানে আয় কমেছে প্রায় ৬৮ শতাংশ। তৃতীয় সপ্তাহান্তে ভালো ব্যবসা করলেও সপ্তাহের প্রথম কর্মদিবসে ছবির গতি অনেকটাই মন্থর হয়েছে।
বিশ্বব্যাপী আয় ১৪০ কোটি ছাড়িয়েছে
ভারতে গ্রস আয় হয়েছে ১১০ কোটি ৮২ লাখ রুপি। বিদেশের বাজারে সোমবার ছবিটি আয় করেছে ১০ লাখ রুপি, ফলে আন্তর্জাতিক মোট আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ১৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘ককটেল ২’-এর মোট আয় এখন ১৪০ কোটি ৯৭ লাখ রুপি।
দর্শক উপস্থিতিতে ভাটা
সপ্তাহান্তের ভিড় শেষ হওয়ায় সোমবার দর্শকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমেছে। হিন্দি (টু-ডি) সংস্করণে সার্বিক দখলহার ছিল ১৩ দশমিক ৩৩ শতাংশ, যা রোববার ছিল প্রায় ২৪ শতাংশ। সকালের শোগুলোয় উপস্থিতি ছিল ৫ দশমিক ৭৭ শতাংশ, দুপুরে ১৩ শতাংশ, সন্ধ্যায় ১১ দশমিক ৬৯ শতাংশ এবং রাতের শোগুলোয় সর্বোচ্চ ১৬ দশমিক ১৫ শতাংশ।
সোমবার ভারতজুড়ে ১ হাজার ৮৪টি শোতে চলেছে ছবিটি, যা আগের দিনের ১ হাজার ১২৯টি শো থেকে কম। সর্বোচ্চ শো ছিল দিল্লি-এনসিআর অঞ্চলে (১৫৯টি), তারপর মুম্বাই (৯৩টি) ও আহমেদাবাদে (৯০টি)। চেন্নাইয়ে ছিল মাত্র দুটি শো।
১৮ দিনের আয়ের বিবরণ
প্রথম দিন ছবিটি আয় করেছিল ১৩ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয় বেড়ে হয় ১৬ কোটি ২৫ লাখ এবং প্রথম রোববার আয় করে ১৭ কোটি ৭৫ লাখ রুপি। প্রথম সপ্তাহ শেষে মোট আয় দাঁড়ায় ৭০ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে যোগ হয় আরও ১৮ কোটি ৯০ লাখ রুপি। ১৮ দিন শেষে ভারতীয় বক্স অফিসে নেট আয় ৯২ কোটি ৯৫ লাখ রুপি।
প্রাপ্তবয়স্ক সনদ বিতর্ক
সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটিকে ‘এ’ (কেবল প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট দেয়। অর্থাৎ ১৮ বছরের কম বয়সীরা প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারবে না। এটি কৃতি শ্যাননের ক্যারিয়ারের প্রথম ‘এ’ সার্টিফিকেট পাওয়া সিনেমা। রাশমিকা মান্দানার এটি দ্বিতীয় ‘এ’ সার্টিফিকেট পাওয়া হিন্দি ছবি, আর শহীদ কাপুরের ক্যারিয়ারে এটি পঞ্চম ‘এ’ সার্টিফিকেট পাওয়া ছবি।
ছবির প্রচারণার সময় শহীদ কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্মা প্রকাশ করে বলেন, ‘এ ছবিতে এমন কিছুই নেই যা নিয়ে কারও আপত্তি থাকতে পারে। আমরা “এ” সার্টিফিকেট পেয়েছি, কিন্তু কেন পেয়েছি, সেটা আমি এখনো বুঝতে পারিনি। এটা তিনজন মানুষের গল্প। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি।’
সম্পর্কের টানাপোড়েনের গল্প
‘ককটেল ২’ ছবিতে শহীদ কাপুর ‘কুনাল’, রাশমিকা মান্দানা ‘দিয়া’ এবং কৃতি শ্যানন ‘অ্যালি’ চরিত্রে অভিনয় করেছেন। দীর্ঘদিনের একটি সম্পর্কের মধ্যে তৃতীয় একজনের আগমন কীভাবে আবেগের ভারসাম্য নষ্ট করে দেয়, তা তুলে ধরা হয়েছে। ২০১২ সালের জনপ্রিয় ছবি ‘ককটেল’-এর আধ্যাত্মিক সিকুয়েল হিসেবে নির্মিত এ চলচ্চিত্র পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। চিত্রনাট্য লিখেছেন লাভ রঞ্জন ও তরুণ জৈন।



