বিএফডিসিতে অবসরপ্রাপ্ত ৮ কর্মকর্তা-কর্মচারীকে ১ কোটি ৫৪ লাখ টাকার চেক
বিএফডিসিতে ৮ অবসরপ্রাপ্তকে ১ কোটি ৫৪ লাখ টাকার চেক

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অবসরপ্রাপ্ত ৮ জন কর্মকর্তা ও কর্মচারীর হাতে ১ কোটি ৫৪ লাখ ৭ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে বিএফডিসির প্রশাসনিক ভবনের ভিআইপি প্রজেকশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সভাপতিত্ব করেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান।

প্রতিমন্ত্রীর মন্তব্য

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘এখানের সংকট আমি বুঝতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে এখানে আন্তরিকতার অভাব ছিল। একজন মানুষ সারা জীবন চাকরি করে শেষ সময়ে এসে এ টাকার জন্য ঘুরবে, এটা উচিত না। মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে আমি কথা বলব, যত দ্রুত পারা যায় আমরা সবার অবসরভাতা ক্লিয়ার করব।’ তিনি বিএফডিসির কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে আরও বলেন, ‘ডাক্তাররা যেমন তাঁর সন্তানদের ডাক্তার বানাতে চান বা অন্য অনেক পেশার অভিভাবকেরা যেমন তাঁর ভবিষ্যৎ প্রজন্মকে নিজের পেশায় দেখতে চান; আমরাও আশা করি আপনাদের মতো আপনাদের সন্তানেরাও এখানে কাজ করার স্বপ্ন দেখবে।’

ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমা প্রার্থনা

সভাপতির বক্তব্যে মাসুমা রহমান বলেন, ‘যাঁরা বহুদূর থেকে বহু প্রতীক্ষিত চেক গ্রহণ করতে এসেছেন, তাঁদের ধন্যবাদ ও অভিনন্দন। আশা করি এতে আপনাদের জীবনযাপন সহজ হবে। আর যাঁরা অনেক আগে অবসরে গিয়েও আপনাদের প্রাপ্য পাননি, অথচ এই অনুষ্ঠানে এসেছেন, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের কষ্ট আমরা বুঝি এবং তা লাগব করার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছি। তবু এখনো সফল হতে পারিনি। এ জন্য ক্ষমা করবেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চলচ্চিত্রশিল্পের উন্নয়নে সরকারের উদ্যোগ

চলচ্চিত্রশিল্প নিয়ে সরকার আন্তরিক বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এ শিল্পের উন্নয়ন, আধুনিকায়ন এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সামনে প্রতিভা অন্বেষণের নতুন আয়োজনের খবর দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আমরা শিগগির প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু করছি। সারা দেশ থেকে প্রতিভা বের করব আমরা। আর এ দায়িত্ব দিতে চাই বিএফডিসিকে। তারা বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে যৌথভাবে এ দায়িত্ব পালন করবে।’

আরও ৪৯ জনের বকেয়া বকেয়া

প্রতিমন্ত্রীর উদ্দেশে মাসুমা রহমান বলেন, ‘আমাদের আরও ৪৯ জন মানুষ সিরিয়ালে রয়েছেন। এই পাওনা টাকার অপেক্ষায় থাকতে থাকতে রোগে ভোগে বিনা চিকিৎসায় অনেকে মারাও গেছেন। আমাদের মানুষগুলোর ভোগান্তি যাতে শিগগিরই শেষ হয়, সেই আশাটুকু রাখব।’

চেক হস্তান্তর ও মজার ছলে প্রশ্ন

বক্তব্য শেষে চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তরের সময় খাম থেকে চেক বের করে প্রতিমন্ত্রী মজা করেই বললেন, ‘খামের ভেতর চেক আছে তো?’ এরপর চেক গ্রহীতাদেরও তিনি চেকটি দেখান।

পূর্ববর্তী চেক বিতরণ

এর আগে ২০২৫ সালের ২২ এপ্রিল বিএফডিসির ২৩ জন কর্মকর্তা ও কর্মচারীর অবসরভাতার চেক হস্তান্তর করা হয়। তখন ৩ কোটি ৫৮ লাখ টাকা হস্তান্তর করা হয়। বছর শেষে আরও ৩ জন, আর আজ ৮ জনসহ মোট ১১ জনের অবসরভাতার চেক হস্তান্তর করা হয়। বর্তমানে আরও ৪৯ জন চেকের অপেক্ষায় আছেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলমসহ আরও অনেকে।