২০ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে ফ্যাশনজগতের অন্যতম আলোচিত সিনেমার সিক্যুয়েল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’। ২০০৬ সালে মুক্তি পাওয়া প্রথম পর্বটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ নিঃসন্দেহে হলিউডের জনপ্রিয় তিন তারকার উপস্থিতি, তবে অ্যান হ্যাথাওয়ের কথা আলাদাভাবেই বলতে হয়। স্টাইলিশ ফ্যাশন সাংবাদিক অ্যান্ডি স্যাক্সের চরিত্রে ২০০৬ সালে যখন তিনি অভিনয় করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ২৩ বছর। আর আজ, দুই দশক পর ৪৩–এ অভিনেত্রী, কিন্তু সময়ের এই দীর্ঘ পথচলায় তাঁর আবেদন কিংবা স্টাইল কোনোটাই কমেনি; বরং বলা যায়, অ্যান হ্যাথাওয়ে সময়ের সঙ্গে আরও পরিণত, আরও বোল্ড হয়ে উঠেছেন। ফ্যাশন–দুনিয়া কাঁপানো এই সিনেমার দুই পর্বেই তাঁর উপস্থিতি ছিল সমানভাবে নজরকাড়া। চলুন, এবার এই হার্টথ্রব মার্কিন তারকার নির্বাচিত কিছু লুক দেখে আসি।
প্রথম লুক: ভোগ অস্ট্রেলিয়ার প্রচ্ছদে
ভোগ অস্ট্রেলিয়ার মে সংখ্যার প্রচ্ছদে অ্যান হ্যাথাওয়ে। এই ইস্যুতে তিনি তাঁর আইকনিক চরিত্রে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়েলের মাধ্যমে ফিরে আসার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।
দ্বিতীয় লুক: লাল হাই–নেক অ্যাসিমেট্রিক পোশাক
লাল হাই–নেক অ্যাসিমেট্রিক পোশাকে ধরা দিয়েছেন তিনি। সঙ্গে মিলিয়ে পরেছেন লাল স্ট্র্যাপি স্টিলেটো পাম্প ও ব্ল্যাক শিয়ার স্টকিংস।
তৃতীয় লুক: মেটালিক সিলভার অফ–শোল্ডার গাউন
ছবিতে অ্যান হ্যাথাওয়েকে অত্যন্ত গ্ল্যামারাস লুকে দেখা যাচ্ছে। মেটালিক সিলভার অফ–শোল্ডার গাউন পরেছেন তিনি। সঙ্গে সিলভার স্ট্র্যাপি হিলস। কানে শোভা পাচ্ছে লম্বা ডায়মন্ড ড্রপ ইয়াররিং। মেকআপে সবচেয়ে নজরকাড়া গাঢ় লাল লিপস্টিক।
চতুর্থ লুক: ডেনিমের সঙ্গে লেদারের মেলবন্ধন
ডেনিমের সঙ্গে লেদারের এই মেলবন্ধন সব সময়ই ফ্যাশন–দুনিয়ায় জনপ্রিয়, আর এই স্টাইলিংয়েই ধরা দিয়েছেন অ্যান। কালো করসেট টপের ওপর লেয়ার করেছেন কালো লেদার জ্যাকেট। বটমে বেছে নিয়েছেন ক্ল্যাসিক ব্লু ডেনিম জিনস।
পঞ্চম লুক: প্রাদার ব্লু ডেনিম ব্রা–টপ
বিখ্যাত ইতালিয়ান ফ্যাশন হাউস প্রাদার ব্লু ডেনিম ব্রা–টপে দেখা যাচ্ছে তাঁকে। গলায় শোভা পাচ্ছে বুলগারি ডায়মন্ড নেকপিস আর কানে ছোট স্টাড ইয়াররিং।
ষষ্ঠ লুক: আইভরি পোশাকে স্নিগ্ধতা
আইভরি পোশাকে স্নিগ্ধতার আবেদন কাড়ছেন এই মার্কিন সুন্দরী।
সপ্তম লুক: ‘ব্ল্যাক বিউটি’ লুক
‘ব্ল্যাক বিউটি’ লুকে ধরা দিয়েছেন এই সুন্দরী। ফুলের পাপড়ির মতো ডিজাইনে তৈরি স্ট্র্যাপলেস মিনি ড্রেসের সঙ্গে বুলগারি ডায়মন্ড নেকলেস ও আংটি পরেছেন।
অষ্টম লুক: ভারসাচির কাস্টম ‘টুইড’ গাউন
ইতালির ফ্যাশন হাউস ভারসাচির কাস্টম ‘টুইড’ গাউন পরেছেন নায়িকা। এই পোশাকে ভারসাচির আইকনিক গোল্ডেন সেফটি পিন ও মুক্তার চমৎকার ব্যবহার করা হয়েছে। গলায় পরেছেন একটি স্টেটমেন্ট বুলগারি নেকলেস আর চুলের স্টাইলটি ৬০–এর দশকের হেয়ারস্টাইল থেকে অনুপ্রাণিত।
নবম লুক: স্মার্ট ‘পাওয়ার ড্রেসিং’
হ্যাথাওয়েকে দেখা যাচ্ছে স্মার্ট ‘পাওয়ার ড্রেসিং’ লুকে। কালো পিনস্ট্রাইপ স্লিভলেস ভেস্টের সঙ্গে ম্যাচিং বটম পরেছেন তিনি। লুকটি সম্পূর্ণ করেছে কালো পয়েন্টেড–টো বুটস।
দশম লুক: লেদার ড্রেসের সঙ্গে রেড লিপ
লেদার ড্রেসের সঙ্গে রেড লিপ লুকে নায়িকা।
একাদশ লুক: গ্যাপের কাস্টম হোয়াইট শার্ট–ড্রেস
মার্কিন ব্র্যান্ড গ্যাপের একটি কাস্টম হোয়াইট শার্ট–ড্রেসের সঙ্গে মিলিয়ে ডায়মন্ড নেকলেস ও দুল পরেছেন অভিনেত্রী।
দ্বাদশ লুক: অল–ব্ল্যাক লেদার স্টাইল
অল–ব্ল্যাক লেদার স্টাইলে অ্যান হ্যাথাওয়ের এই লুক আলাদাভাবে নজর কাড়ছে। তিনি একটি কালো লেদার ওভারকোট পরেছেন। লুকের আকর্ষণীয় অংশ হলো কনুই পর্যন্ত লম্বা কালো লেদার অপেরা গ্লাভস। গ্লাভসের ওপর পরেছেন সোনালি রঙের সাপের আদলে তৈরি বুলগারি ব্রেসলেট। এ ছাড়া আঙুলে শোভা পাচ্ছে আংটি।
ত্রয়োদশ লুক: ক্যাজুয়াল সামার–ফ্রেন্ডলি লুক
ক্যাজুয়াল, আরামদায়ক ও সামার–ফ্রেন্ডলি এই লুকে তিনি বিখ্যাত ফরাসি ব্র্যান্ড সেলিনের ক্রিম ক্রোশেট টপ পরেছেন। টপের সঙ্গে মিলিয়ে পরেছেন ডলচে অ্যান্ড গাব্বানার ব্লু রিপড জিনস।



